শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

ব্যাংকারদের জন্য শরিয়াহভিত্তিক হাউজ-কার লোন চালুর পরামর্শ আহমাদুল্লাহর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ পিএম

শেয়ার করুন:

Ahmadullah
বাংলাদেশ ব্যাংক আয়োজিত সীরাত মাহফিলে আলোচনা পেশ করছেন শায়খ আহমাদুল্লাহ। ছবি- ঢাকা মেইল

ব্যাংকের যেসব কর্মকর্তা শরিয়াহভিত্তিক পথে চলতে চান, তাদের জন্য শরিয়াহভিত্তিক বাড়ি ও গাড়ি কেনার লোন চালুর পরামর্শ দিয়েছেন ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। 

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তা-কর্মচারী আমাকে জানিয়েছেন, হাউজ লোন বা গাড়ি লোনের ক্ষেত্রে ইসলামি ব্যাংকিং অনুসরণ করতে চান বা শরিয়াহ মেনে চলতে চান। তাদের জন্য যদি সেই নীতি বা পদ্ধতি চালু করা হয়, তবে কর্মকর্তা-কর্মচারীদের একটি উল্লেখযোগ্য অংশের জন্য তা সহায়ক হবে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৪ অক্টোবর) সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ ব্যাংক আয়োজিত সীরাত মাহফিলে আলোচনাকালে এসব কথা বলেন আহমাদুল্লাহ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি মো. আনিচুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘আমি আশা করব, যেসব কর্মকর্তা দ্বীন পালন করতে চান, কর্তৃপক্ষ এটি বিবেচনায় নেবে। তাদের জন্য ইসলামি ব্যাংকিংয়ের পথ খোলা রাখবে। যদি চালু করা হয়, তবে তাদের হক বা অধিকার আদায় হবে।

শরিয়াহ ব্যাংকগুলোতে শরিয়াহ পালনের প্রসঙ্গে তিনি বলেন, দেশে ইসলামী ব্যাংকগুলোতে ঠিকমতো শরিয়াহ মেনে চলা হচ্ছে কি না—এ ব্যাপারে জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। এক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি, সেগুলো দিয়েই এটি নিশ্চিত করার পথ সুগম হবে।


বিজ্ঞাপন


আহমাদুল্লাহ বলেন, গ্রাহকদের শরিয়াহ সম্পর্কে ধারণা দেওয়ার বিষয়ে একটি সার্ভিস সিস্টেম চালুর কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। অনেকেরই এসব বিষয়ে সুস্পষ্ট ধারণা নেই। যেমন, শুধু সুনির্দিষ্ট পদ্ধতির কারণে বিবাহ ও জিনা—একটি হালাল, আরেকটি হারাম; তেমনি ব্যাংকিংও যদি নির্দিষ্ট নিয়মে হয়, শরিয়াহ সমর্থন করবে, না হলে করবে না। আমি যার কাছ থেকে সার্ভিস নিচ্ছি, আমি যদি জানি কোনভাবে শরীয়াহ ভঙ্গ হচ্ছে আর কোনভাবে হচ্ছে না—এটা জানার ব্যবস্থা থাকলে ব্যাংকগুলোকে কোনো না কোনো সিস্টেম চালু করার অনুরোধ জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা যখন কথা বলব, তখন আল্লাহ পাক ন্যায়সঙ্গত আচরণের নির্দেশ দিয়েছেন। কোরআনে কারিমে বহু জায়গায় ন্যায়বিচারের কথা বলা হয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে সব ক্ষেত্রেই ইনসাফ করতে হবে।

টিএই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর