জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অনুযায়ী বিয়ের অনুষ্ঠান করার ক্ষেত্রে কমিউনিটি সেন্টার ভাড়া নিতে হলে আয়কর রিটার্ন জমা দেওয়ার রসিদ দেখানো লাগবে।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব করা হয়েছে।
সাধারণত বিয়ে, জন্মদিন ও গায়ে হলুদসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি সভা, সেমিনার, পুনর্মিলনী অনুষ্ঠান করতে কমিউনিটি সেন্টার ও মিলনায়তন ভাড়া করা হয়। এখন থেকে বার্ষিক আয়কর রিটার্ন জমার রসিদ ছাড়া কমিউনিটি সেন্টার ভাড়া করা যাবে না। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ শর্ত যোগ করা হয়েছে।
বর্তমানে ৪৩ ধরনের সেবা পেতে রিটার্ন জমার রসিদ লাগে। এই তালিকায় কমিউনিটি সেন্টার ভাড়া, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নিবন্ধন ও নবায়নে রিটার্ন জমার বাধ্যবাধকতা যুক্ত হচ্ছে।
এর আগে এ বাজেট মন্ত্রিসভায় অনুমোদন হয়, পরে বাজেট প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এইউ




