ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে যাতায়াতকারী ট্রেন থেকে চোরাইকৃত ডিজেলসহ ১ ব্যক্তিকে আটক করেছে ফেনীস্থ র্যাব সদস্যরা। বুধবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের নিচ থেকে তাকে ৪৫০ লিটার ডিজেল ও একটি সিএনজি চালিত অটোরিক্সাসহ আটক করা হয়।
ফেনীস্থ র্যাব-৭ এর অধিনায়ক জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের নিচে সন্দেহভাজন পরিবহন তল্লাশী চালায় র্যাব সদস্যরা। এসময় ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়ন থেকে ফেনী শহরে প্রবেশের সময় একটি সিএনজি চালিত অটো রিক্সা থেকে ৮টি তেলের গ্যালনে ৪৫০ কেজি চোরাইকৃত ডিজেল পাওয়া যায়। এ ঘটনায় গাড়ির চালক ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের বাসিন্দা মো. ইউসুফ (৪৫)কে আটক করা গেলেও মূল চোরা কারবারী আবদুল মতিন (৪৪) পালিয়ে যায়।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, উদ্ধার হওয়া ডিজেলগুলো ফেনীর শর্শদী ইউনিয়নে রেলগাড়ি থামিয়ে চুরি করা হয়ে থাকে। পরে চুরি সিন্ডিকেটের সদস্যরা তেলগুলো ফেনী ও আশপাশের এলাকায় বিক্রি করে দেয়। বুধবার উদ্ধার হওয়া ৪৫০ কেজি ডিজেল ও চোরাই তেল পরিবহনকারী একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করে গাড়ির চালক ইউসূফকে আটক করা হয়।
এ ঘটনায় গাড়ির চালক ইউসূফ ও তেল চুরির মূল হোতা আবদুল মতিনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, র্যাবের হাতে চোরাই তেলসহ আটককৃত ইউসূফকে থানায় সোপর্দ করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/একেবি

