রোববার, ৮ মার্চ, ২০২৬, ঢাকা

মাঠের জন্য আবেদন করে ব্যক্তিগত জমি দখলের চেষ্টার অভিযোগ

উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৯ পিএম

শেয়ার করুন:

মাঠের জন্য আবেদন করে ব্যক্তিগত জমি দখলের চেষ্টার অভিযোগ
ছবি : ঢাকা মেইল

ঢাকার ধামরাইয়ে খেলার মাঠের জন্য আবেদন করে এক ব্যক্তির পৈত্রিক জমি দখল করার উদ্দেশ্যে হামলা চালিয়ে ওই জমির প্রায় অর্ধ শতাধিক গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে। 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ওই জমির মালিক ভুক্তভোগী শাহাজাদা কবির (৪৫) ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনের নামে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


বিজ্ঞাপন


সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামে এ ঘটনা ঘটে। 

savar

অভিযুক্তরা হলেন—ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামের বাসিন্দা ও একটি বাড়ি একটি খামারের প্রকল্পের সাটুরিয়া উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আতিকুর রহমান মুকুল (৪০), একই গ্রামের সাজ্জাদ হোসেন কালু (৫০), শহীদুল (৪০), শাকিল (১৯), খোরশেদ (৪০) ও সোলাই (২০), আকাশ (২০), রবিউল (২৫), আমির হামজা (২০), ইকবাল (১৯), ছলিমসহ (৪০) অজ্ঞাত আরও ১৫/২০ জন।

এ ব্যাপারে অভিযুক্ত আতিকুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জমি দখলের বিষয়টি অস্বীকার করে বলেন, ঘটনার দিন তো আমি এলাকাতেই ছিলাম না তাহলে আমি কিভাবে জমি দখল করলাম? অযথাই আমার নামে অভিযোগ তোলা হচ্ছে। আর জমি দখল করতে চাইলে খেলার মাঠের জন্য আবেদন কেন করবো? যে জায়গার জন্য আবেদন করেছি তার পাশের জায়গাটি সরকারি হওয়ায় সেটি মাঠের জন্য বলা হয়। তার কাগজপত্র থাকলে তিনি দেখাবেন।
 
এদিকে ভুক্তভোগী মো. শাহজাদা কবির অভিযোগ করেন, গত এক সপ্তাহ আগে বড়নালাই গ্রামে গাজীখালি নদীর পাড়ে ১৫১ নম্বর দাগের খাস জমিতে একটি মাঠ করার জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেন মো. আতিকুর রহমান। প্রস্তাবিত মাঠের জমিটি ১ নম্বর খতিয়ানে ১৫১ নম্বর দাগের। এই জমির পরিমাণ প্রায় ৬০ শতাংশ। যার প্রায় ৪০ শতাংশই নদীগর্ভে৷ এই জমির পাশেই এসএ খতিয়ান ২৭৬, এসএ ৮৯৫  আরএস খতিয়ান ১১৪, আরএস ১৫২ নং দাগে ৭৯ শতাংশ জমি রয়েছে তাদের। গত রোববার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জমি পরিদর্শন করে সীমানা নির্ধারণ করেন। এই সীমানার ভেতরে ৭৯ শতাংশের মধ্যে ৪০ শতাংশ জমি থাকায় বিষয়টি ধামরাই উপজেলার সহকারী কমিশনার  (ভূমি) ফারজানা আক্তারকে জানান তারা। এসময় ফারজানা জমির মালিক দাবিদারদের সরেজমিনে গিয়ে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়ে দেন। বিষয়টি জানতে পেরে আতিকুর ক্ষুব্ধ হয়ে সোমবার রাতে ৩০-৩৫ জন সহযোগী নিয়ে আমার পিতা মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের মালিকানাধীন আমাদের পৈত্রিক জমির লাউয়ের মাচা ভেঙে ফেলে এবং কাঁঠাল গাছসহ বিভিন্ন ধরণের প্রায় ৫০টি গাছপালা কেটে ফেলেন। খেলার মাঠ করতে বাধা দিলে আমাদের মারধরের হুমকিও দেয়া হয়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।


বিজ্ঞাপন


savar

ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার বলেন, ওই জমিতে মাঠের আবেদন করা হলেও এখনো মাঠ হিসেবে সেটি বরাদ্দ দেওয়া হয়নি। যারা ওই জমি তাদের বলে দাবি করেছেন তাদেরকে কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয়েছে। জমি তাদের হলে তারা জমি পেয়ে যাবেন। আজ (বুধবার) আমি নিজে ওই স্থানটি পরিদর্শনে যাবো। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গতকাল সন্ধ্যায় জমির গাছপালা কেটে জমি দখলের চেষ্টা সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর