জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে সাবেক এক ইউপি মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের সাবেক সদস্য। আজ সোমবার আদালতের মাধ্যমে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, জামালপুর সদর উপজেলার বাড়িঘাগুরি গ্রামের সাবেক ইউপি মেম্বার সৈকত হোসেন বাবলু গত ১৩ ফেব্রুয়ারি প্রতিবেশী আ. কাদেরের ৭ বছর বয়সী শিশু কন্যাকে ফুসলিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে তাকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় নির্যাতিত শিশুর পিতা আ. কাদের বাদী হয়ে জামালপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন জানান, রোববার রাতে তার নেতৃত্বে পুলিশের একটি দল ময়মনসিংহ সদর উপজেলার কুঠুরাকান্দা গ্রামে অভিযান চালায়। পরে ওই গ্রামে তার শশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন জানান, সৈকত হোসেন বাবলু মাদক ব্যবসা, নারী নির্যাতনসহ নানা অপকর্মের হোতা। সোমবার আদালতের মাধ্যমে তাকে জামালপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি/একেবি




