রাজশাহীতে নিজ ঘরের আড়ায় (তীরে) ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে বাঘা উপজেলার দিঘা দাবিয়াতলা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
নিহত গৃহবধূর নাম প্রিয়া বেগম (২০)। তিনি বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা দাবিয়াতলা গ্রামের ইসলাম আলীর স্ত্রী।
নিহতের স্বামী ইসলাম আলী বলেন, প্রিয়া বেগম শনিবার তার বাবার বাড়ি পাবনায় যাওয়ার জন্য বলছিল। আমি দুই একদিন পরে যাওয়ার জন্য বলি। এ নিয়ে শুক্রবার রাতে তার সাথে মতবিরোধ হয়। স্ত্রীর কথামতো যেতে না দেওয়ায় অভিমানে আত্নহত্যা করেছেন বলে দাবি করেন তিনি।
নিহত গৃহবধুর শ্বাশুড়ি নজেরা বেগম বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে ছেলে বাড়ির বাহিরে যাওয়ার পরে ঘরের দরজা বন্ধ দেখি। ঘরের বাহিরে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে চিৎকার দেই। পরে প্রতিবেশিরা এসে ধাক্কা দিয়ে দরজা খুললে ঘরের আড়ার সাথে প্রিয়া বেগমকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
এসআই সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এইচই

