নওগাঁয় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাথী রানী (৯) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। বুধবার (১৬ মার্চ) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় রাণীনগর উপজেলার কাশিমপুর সানাপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাথী রানী কাশিমপুর ঋষিপাড়া গ্রামের বলরাম চন্দ্রের মেয়ে। সে কুজাইল ইন্টারন্যাশলান নিডস স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
নিহতের পরিবার জানায়, স্কুল শেষে কুজাইল থেকে টমটম যোগে বাড়ি ফেরার পথে কাশিমপুর সানাপাড়া মোড়ে গাড়ি থেকে নামে সাথী রানী। পরে রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি ব্যাটারি চালিত অটো টমটম সাথীকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ।
এএ




