বিশ্বখ্যাত ‘মৈমনসিংহ গীতিকা’র সংগ্রাহক চন্দ্রকুমার দে’র জন্মভিটায় লোকসংস্কৃতি কেন্দ্র প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে নেত্রকোণা সরকারি কলেজের বাংলা বিভাগের আয়োজনে জেলা সদরের মোক্তারপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ওই কলেজের শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও শহরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বখ্যাত ‘ময়মনসিংহ গীতিকা’র সংগ্রাহক ছিলেন চন্দ্রকুমার দে। তার জন্মভিটা নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আইথর গ্রামে। চন্দ্রকুমার দে’র স্মৃতি রক্ষার্থে তার ওই জন্মভিটায় একটি ‘লোকসংস্কৃতি কেন্দ্র’ প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। এ দাবি সরকারের পক্ষ থেকে অবশ্যই, অবশ্যই পূরণ করা উচিত।
নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী চলমান মানববন্ধনে বক্তব্য দেন নেত্রকোণা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আফজাল রহমান, অবসরপ্রাপ্ত অধ্যাপক মতীন্দ্র চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, অধ্যাপক নাজমুল কবীর, সাংবাদিক লাভলু পাল চৌধুরী, লোকসংস্কৃতি গবেষক সঞ্জয় সরকার, রাখাল বিশ্বাস, কবি আব্দুর রাজ্জাক, সাংবাদিক কামাল হোসেন ও পল্লব চক্রবর্তী প্রমুখ।
প্রতিনিধি/এইচই




