রংপুরের কাউনিয়ায় স্কুলছাত্রী সানজিদা খানম ইভা হত্যার রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় আটক ঘাতক কথিত প্রেমিক নাহিদুল ইসলাম ওরফে সায়েম আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।
আদালত ও পুলিশ সুত্রে জানা যায়, হত্যাকাণ্ডে অংশ নেয় সানজিদার কথিত তিন প্রেমিক, সানজিদার উচ্ছৃঙ্খল জীবন ও বহুভুজ প্রেমের কারণে তারা পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে। সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটনে সানজিদার ব্যাগে পাওয়া একটি খাতা সহায়তা করে। পরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে সানজিদার কথিত প্রেমিক নাহিদুল ইসলাম ওরফে সায়েমকে (১৯) কে আটক করে পুলিশ। আটক সায়েম মাহিগঞ্জ থানার তালুক উপাশু গ্রামের মো. নূর হোসেন মিলিটারির ছেলে। সে গত বছর ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।
বিজ্ঞাপন
আদালতে দেয়া জবানবন্দি থেকে জানা যায়, সায়েমের সাথে তিন বছর আগে সানজিদার পরিচয় ও সম্পর্ক হয়। কিছুদিন আগে তাদের সম্পর্ক ভেঙ্গে গেলেও যোগাযোগ অব্যাহত থাকে।
এরই মাঝে ঘটনার দিন মঙ্গলবার (১৬ আগস্ট) আনুমানিক বেলা আড়াইটার দিকে পরিকল্পনা অনুযায়ী সায়েম সানজিদাকে নিয়ে রংপুরে শাপলা সিনেমা হলে সিনেমা দেখতে যায়। সেখানে সানজিদার নতুন প্রেম নিয়ে উভয়ের মধ্যে তর্ক লাগলে সানজিদা সেখান থেকে চলে যায়। পরে সায়েম তার পূর্ব পরিচিত আরও দুইজনের সাহায্যে কৌশলে সানজিদাকে মাহিগঞ্জে রেখে পরে সেখানে আবার মিলিত হয়।
তারপর তারা পীরগাছা আলীবাবা থিম পার্কে ঘুরতে যায় কিন্তু রাত হয়ে যাওয়ায় সানজিদা ফিরে আসার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। কৌশলে তারা মধুপুর কুটিরপাড় রোডের একটি ফাঁকা জায়গায় নিয়ে সানজিদার একাধিক প্রেম নিয়ে কথা তোলে এবং তারা তিনজন মিলে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। হত্যার পরপরেই সেখান থেকে সটকে পরে তারা।
রংপুর জেলা সহকারী পুলিশ সুপার ( সি সার্কেল) মো. আশরাফুল আলম পলাশ জানান, সায়েম এই হত্যার সাথে সম্পৃক্ততা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, মঙ্গলবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে কাউনিয়া উপজেলার কুটির পাড় বাজার হতে মধুপুর যাওয়ার সড়কের পাশে গলা কাটা অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর লাশ পড়ে ছিল। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কাউনিয়া উপজেলা হাসপাতালে পাঠায়।
নিহত সানজিদা খানম ইভার বাড়ি কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের গোড়াই এলাকায়। সে বড়দরগা স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল।
এজে

