রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

মেহেরপুরে মেয়েকে দেখে ফেরার পথে ট্রাকচাপায় মা নিহত

জেলা প্রতিনিধি, মেহেরপুর 
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম

শেয়ার করুন:

মেহেরপুরে মেয়েকে দেখে ফেরার পথে ট্রাকচাপায় মা নিহত

সন্ধ্যার আলো নিভে আসার আগেই যে পথ ধরে মেয়েকে দেখে হাসিমুখে বাড়ি ফেরার কথা ছিল, সেই মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলা নামক স্থানটিই মুহূর্তে পরিণত হলো এক মায়ের শেষ ঠিকানায়। 

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ফিরোজা খাতুন (৩৮) নামের এক নারী। তিনি গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের আলফাজ আলীর স্ত্রী।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ফিরোজা খাতুন তার মেয়েকে দেখতে গাংনী উপজেলার ভবানীপুর গ্রামে গিয়েছিলেন। মেয়ের সঙ্গে সময় কাটিয়ে সন্ধ্যার দিকে ভ্যানে করে নিজ গ্রাম চৌগাছায় ফিরছিলেন তিনি। 

পথিমধ্যে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলা এলাকায় পৌঁছালে ভ্যানচালক ইনছান আলী একটি মোটরসাইকেলকে সাইড দিতে সামান্য বাম দিকে সরে যান। ঠিক সেই মুহূর্তে কুষ্টিয়ার দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

S

ধাক্কার তীব্রতায় ভ্যান থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যান ফিরোজা খাতুন। মুহূর্তেই ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে তিনি গুরুতর জখম হন। রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় ভ্যানচালক ইনছান আলী স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মাহবুবুর রহমান নয়ন তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের জামাতা ও পশ্চিম মালসাদহ গ্রামের বাসিন্দা বাবুল হোসেন শোকাহত কণ্ঠে জানান, মেয়েকে দেখার উদ্দেশ্যেই তিনি ভবানীপুরে গিয়েছিলেন। ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় সবকিছু এলোমেলো হয়ে গেল।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মায়ের আকস্মিক ও করুণ মৃত্যুতে চৌগাছা ও ভবানীপুর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর