রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

নাশকতার এজাহারে সাবেক ছাত্রদল নেতার নাম

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম

শেয়ার করুন:

নাশকতার এজাহারে সাবেক ছাত্রদল নেতার নাম
আব্দুর রহমান বাবু। ছবি: ঢাকা মেইল

সাতক্ষীরার শ্যামনগরে নাশকতার অভিযোগে থানায় জমা দেওয়া একটি এজাহারে সাবেক ছাত্রদল নেতা ও সাংবাদিক আব্দুর রহমান বাবুর নাম রয়েছে। ৮৫ জনের নাম উল্লেখ করে দেওয়া ওই এজাহারে বাবুকে ৩৭ নম্বর আসামি করা হয়েছে। তবে এজাহারটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি বলে জানা গেছে।

বাবু জানান, ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি শ্যামনগর উপজেলা ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। পরে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করেন। এরপর রাজনীতিতে সক্রিয় না থেকে সাংবাদিকতায় যুক্ত হন।

বাবুর অভিযোগ, তিনি এবং শ্যামনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আনারুল ইসলাম আঙুর কয়েক বছর ধরে বালু ও ঘের ব্যবসার সঙ্গে যুক্ত। এ কারণে বিভিন্ন সময়ে তাদের কাছে কেউ কেউ চাঁদা দাবি করেছেন। এ নিয়ে বিএনপির একটি অংশের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়েছে। সেই বিরোধের জেরেই তাকে নাশকতার মামলায় জড়ানোর ষড়যন্ত্র চলছে বলে মনে করেন তিনি।

উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক মাস্টার আব্দুল ওয়াহিদ বলেন, আব্দুর রহমান বাবু তার ছাত্র ছিলেন। তিনি শ্যামনগর উপজেলা ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং পরে জেলা ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বাবু ও আনারুল ইসলাম আঙুর বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় বিএনপির নাম ব্যবহার করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল বলে তিনি শুনেছেন। তাতে ব্যর্থ হয়ে বাবুর বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ড করা হয়েছে বলে তার ধারণা। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এদিকে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল্লাহ পাটোয়ারী বলেন, ‘কেউ যদি বাদী হয়ে মামলা দেন, তাহলে মামলা নেওয়া ছাড়া আমাদের উপায় থাকে না। তবে তদন্ত শেষে কেউ নির্দোষ প্রমাণিত হলে তার নাম মামলা থেকে বাদ যাবে।’ 

তিনি আরও বলেন, ‘মামলা যদি না নিই, তাহলে আমার ওপর চাপ আসবে।’

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর