দিনাজপুরের চিরিরবন্দরে গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখায় পেট্রোলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। নিরাপত্তাকর্মী ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রোববার (২৯ নভেম্বর) ভোরে ব্যাংকটির চিরিরবন্দর উপজেলার নশরতপুর শাখায় এ ঘটনাটি ঘটে।
গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম জানান, ভোর ৩টা ২৫ মিনিটে দুর্বৃত্তরা ব্যাংকের সম্মুখে ৩টি পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে ব্যাংকের বারান্দায় আগুন ধরে যায়। এ সময় ব্যাংকের বারান্দায় রাখা ১২টি প্লাস্টিকের চেয়ার পুড়ে যায়। পুলিশ সেগুলো আলামত হিসেবে জব্দ করেছে।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি নিরাপত্তাকর্মী ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।
সকালে গ্রামীণ ব্যাংকের দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার উত্তম কুমার, চিরিরবন্দর এরিয়া ম্যানেজার মো. জিল্লুর রহমান, থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখা পরিদর্শন করেছেন। তাদের নির্দেশনানুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখায় পেট্রোলবোমা নিক্ষেপে অগ্নিসংযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আমরা তদন্ত করছি। আসামিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
প্রতিনিধি/এলএ




