অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না—আইন সবার জন্য সমান বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও জননিরাপত্তা নিশ্চিতকরণবিষয়ক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী বলেন, নেছারাবাদ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। অপরাধী যে দলের বা যে পরিচয়েরই হোক না কেন, অপরাধের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব খাটিয়ে কেউ যেন অপরাধ করে পার পেয়ে যেতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর অবস্থানে থাকতে হবে।
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, পুলিশ, প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষ যেন নির্ভয়ে বসবাস করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস




