সুন্দরবনে পৃথক অভিযানে আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। একই দিনে সন্দেহজনক একটি নৌকা থেকে ডাকাতদের রসদও জব্দ করেছে কোস্টগার্ড।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন।
কোস্টগার্ড জানায়, সুন্দরবনের বনদস্যুতা দমন ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় মুক্তিপণের দাবিতে এক জেলেকে জিম্মি করে রাখার খবর পায় কোস্ট গার্ড।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৮ নভেম্বর দুপুরে কোস্টগার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি কাঠের নৌকাসহ জিম্মি জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা সুন্দরবনের গভীরে পালিয়ে যায়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ২৯ নভেম্বর মধ্যরাতে খুলনার দাকোপ থানাধীন মল্লিকবাড়ি এলাকা দিয়ে পালানোর চেষ্টাকালে আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫) আটক হন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটারগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, আসাবুর সানাকে ২০২৪ সালের ১২ নভেম্বরও আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও সুন্দরবনে ডাকাতি কার্যক্রমে জড়িয়ে পড়েন বলে দাবি কোস্ট গার্ডের। আসাবুর সানা খুলনার দাকোপ থানার বাসিন্দা।
আটক ব্যক্তি, জব্দ নৌকা এবং উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, সরকারের নির্দেশনা, জনসাধারণের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।
প্রতিনিধি/এসএস




