শরীয়তপুরের জাজিরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে নিজামউদ্দিন মৃধা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দাবি করেছেন, নিজামউদ্দিন আওয়ামী লীগের কর্মী ছিলেন।
রোববার (২৯ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু-সংলগ্ন শরীয়তপুরের জাজিরার নাওডোবা ও মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত নিজামউদ্দিন মৃধা মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সামচুউদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে।
স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দাবি, ভোরে লকডাউনের সমর্থনে আওয়ামী লীগের মিছিল লক্ষ্য করে গুলি ছোড়া হলে নিজামউদ্দিন গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর-ই আলম লিটন চৌধুরীর ব্যানার নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুরসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন। সেখান থেকে ধাওয়া দিয়ে ৯ জনকে আটক করা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
পরে বিক্ষুব্ধ ব্যক্তিরা পদ্মা সেতুর দক্ষিণ পাশে বিএনপির একটি অস্থায়ী ক্যাম্পে আগুন দেন। এতে অর্ধশতাধিক মোটরসাইকেল পুড়ে যায়। আগুনে পাশের একটি রেস্তোরাঁরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এদিকে লকডাউন কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় সকাল থেকে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তারা টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে তাদের অবস্থানের কারণে যাতায়াতকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ স্থানে সরে যান।
অন্যদিকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনকে জেলার বিভিন্ন এলাকায় অবস্থান করতে দেখা যায়। লকডাউনের নামে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিলও করেন বলে জানা গেছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “ঘটনাস্থল শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায়। সেখানে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা নিজাম ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন বলে জানতে পেরেছি। যেহেতু ঘটনাস্থল জাজিরা থানায়, তাই এ বিষয়ে ওই থানা থেকেই আইনগত ব্যবস্থা নিতে হবে।”
প্রতিনিধি/এসএস




