রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

পঞ্চগড় পাক হানাদার মুক্ত দিবস আজ

জেলা প্রতিনিধি, পঞ্চগড় 
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০২ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড় পাক হানাদার মুক্ত দিবস আজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের মানচিত্রের প্রথম জেলা পঞ্চগড়। ১৯৭১ সালের ২৯ নভেম্বরের এই দিনে পঞ্চগড় পাক হানাদার বাহিনী মুক্ত হয়। এ অঞ্চলটিতে একাধিক সম্মুখ ও গেরিলা যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীকে পরাজিত করে পঞ্চগড়কে মুক্তাঞ্চল হিসেবে ঘোষণা দেয়। 

১৯৭১ সালের ১৭ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী দখল নিয়ে নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালায় পঞ্চগড়ে। হানাদার বাহিনীর নির্মম নির্যাতন ও অমানবিক কর্মকাণ্ডে স্থানীয় লোকজন ঘর ছেড়ে নিরাপদ জায়গায় আবার কেউ কেউ ভারতের শরনার্থী শিবিরে আশ্রয় নেয়। 

স্থানীয় মুক্তিযোদ্ধারা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলেও হানাদার বাহিনীর আধুনিক অস্ত্র সরঞ্জামের কাছে টিকতে না পেরে সাময়িকভাবে পিছু হটে। জুলাই মাসের প্রথম দিকে মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্রবাহিনী পাক বাহিনীর ওপর গেরিলা আক্রমণের পাশাপাশি তাদের ডিফেন্সের ওপর অব্যাহতভাবে হামলা চালাতে থাকে। 

এতে পর্যুদস্ত হয়ে পাক বাহিনী পিছু হটতে থাকে। মুক্তিযোদ্ধাদের সাহসী অগ্রযাত্রায় প্রতিদিন নতুন নতুন এলাকা মুক্ত হতে থাকে। ২৮ নভেম্বর রাতে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনী চারদিক থেকে পাকবাহিনীর ওপর উপর্যুপরি আক্রমণ করে। একপর্যায়ে সৈয়দপুর অভিমুখে পিছু হটে। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, মুক্তিযুদ্ধে এ অঞ্চলটি ছিল ৬ নং সেক্টরের অন্তর্গত ৬-এ সাব-সেক্টর হিসেবে। 

মুক্তিযোদ্ধারা প্রথমে জেলার সদর উপজেলার অমরখানায় অবস্থান নিয়ে ভজনপুরের চাওয়াই নদীর ওপর ব্রিজটি ডিনামাইট দিয়ে উড়িয়ে দেন। এ কারণে পাক হানাদাররা আর তেঁতুলিয়ায় প্রবেশ করতে পারেনি। ফলে মুক্তিযুদ্ধের পুরো সময় তেঁতুলিয়া ছিল মুক্তাঞ্চল। যা দেশের ৪টি মুক্তাঞ্চলের মধ্যে তেঁতুলিয়া একটি।   

তৎকালীন বাংলাদেশের অস্থায়ী সরকারের অনেক গুরুত্বপূর্ণ সভা তেঁতুলিয়াতে অনুষ্ঠিত হয়েছিল বলেও জানা গেছে। এদিকে, যুদ্ধের পুরো সময় মুক্তিযোদ্ধারা তেঁতুলিয়া, ভজনপুর, মাগুরমারী, ময়নাগুড়ি, দেবনগরে ক্যাম্প করে অবস্থান নেয়। এছাড়া প্রত্যন্ত গ্রামাঞ্চলের অসংখ্য হাইড আউটের মাধ্যমে পাকবাহিনীর বিরুদ্ধে লড়াই পরিচালিত হয়।  

মুক্তিযুদ্ধে ৬/ক সেক্টরের অন্তর্ভুক্ত ছিল পঞ্চগড়। এ অঞ্চলে মোট ৭টি কোম্পানির অধীনে ৪০টি মুক্তিযোদ্ধা ইউনিট হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য অ্যাডভোকেট সিরাজুল ইসলামের নেতৃত্বে ও দিক নির্দেশনায় তেঁতুলিয়ায় মুক্তিযোদ্ধাদের সার্বিক কর্মকাণ্ড পরিচালিত হতো। এছাড়া মুক্তাঞ্চল তেঁতুলিয়ায় মুক্তিযোদ্ধাদের রিক্রুটিং প্রশিক্ষণ, অস্ত্রের যোগান দেওয়া ইত্যাদি ক্ষেত্রেও তিনি অসামান্য ভ‍ূমিকা রাখেন। 

সেক্টর কমান্ডার মেজর আবুল বাশার, স্কোয়াড্রন লিডার সদরুদ্দিন, ক্যাপ্টেন নজরুল ইসলাম, ক্যাপ্টেন শাহরিয়ার, লে. মাসুদুর রহমান, লে. আব্দুল মতিন চৌধুরী, লে. মো. হাসান আলী (আইও), মেজর কাজিমউদ্দিন, গেরিলা যোদ্ধা কমান্ডার মাহবুব আলমসহ অনেকেই মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে গেরিলা ও সম্মুখ যুদ্ধ জোরদার করে। 

এর ফলে নতুন নতুন এলাকা মুক্ত হতে থাকে। মুক্তি ও মিত্রবাহিনী পাকবাহিনীর ওপর আক্রমণ চালিয়ে ২০ নভেম্বর অমরখানা, ২৫ নভেম্বর জগদলহাট, ২৬ নভেম্বর শিংপাড়া, ২৭ নভেম্বর তালমা, ২৮ নভেম্বর পঞ্চগড় সিও অফিস এবং ওই একই দিনে আটোয়ারী ও মির্জাপুর মুক্ত করেন।

স্থানীয় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন জানান, আমরা ভারতে প্রশিক্ষণ নিয়ে জেলার তেতুঁলিয়া দিয়ে দেশে প্রবেশ করে গেরিলা যুদ্ধে অংশ নিই। আমাদের উপর্যুপরি আক্রমণে খানসেনারা টিকতে না পেরে পিছু হটে। এ ছাড়া হাড়িভাসা এলাকায় বেশ কয়েকটি দীর্ঘস্থায়ী সম্মুখ যুদ্ধ হয়। ১৯৭১ সালের ২৮ নভেম্বর মুক্তিবাহিনীর সাথে মিত্রবাহিনী, গেরিলা, এমএফসহ সকলে একযোগে খানসেনাদের ওপর সাঁড়াশি অভিযান চালায়। সম্মিলিত অভিযানে টিকতে না পেরে খানসেনারা পিছু হটে। অবশেষে ২৮ নভেম্বর রাতেই পাকিস্তানি বাহিনী পঞ্চগড় ছেড়ে চলে যায়। পরদিন ২৯ নভেম্বর পঞ্চগড় মুক্ত হয়।

বীর প্রতীক ও যুদ্ধহত মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন, আমি দেশকে ভালোবেসে ইপিআরে চাকরিকালীন সময়ে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। দিনাজপুর দশমাইল এলাকায় যখন আমাদের কাছে গুলি শেষ হয়ে যায়, আর পাকিস্তানি হানাদার বাহিনী সামনে এগিয়ে আসতে শুরু করে সেসময় আমাদের সহযোদ্ধা ভয়ে পালিয়ে যাচ্ছিলো। সেসময় আমি সকল সহকর্মীদের বুঝিয়ে ছিলাম আমরা ওই মুহূর্তে পালিয়ে গেলে পাকবাহিনী আমাদের দেশের মানুষকে মেরে ফেলবে। যখন কথা শুনেনি আমার সহযোদ্ধা তখন আমি তাদের ভয় দেখাই তোমরা এসময় চলে গেলে তোমাদের উপর আমি গুলি চালাবো। 

পরে তারা ভয়ে বাধ্য হয়ে সেখানে অবস্থান করে এবং পরবর্তীতে গুলি সংগ্রহ হলে সবাই মিলে আমরা হাজার হাজার সৈন্যকে গুলি করি৷ অনেকে আহত হয় পালিয়েছে আবার অনেকে গুলি খেয়ে নিহত হয়েছে। সেদিন আমি যদি কৌশল ও বুদ্ধি করে বাধ্য না করতাম তাহলে পাক বাহিনী আমাদের বাঙালিদের মেরে ফেলতো। আমি নিজে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এসেছিলাম।  

প্রতিনিধি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর