গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা ছিনতাইয়ের পর চালক জাহিদ রহমানকে (২০) হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় ছিনতাই করা অটোরিকশার খণ্ডিত অংশ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
রোববার (২৯ নভেম্বর) পিবিআই গাজীপুর জেলা কার্যালয়ের পুলিশ সুপার রকিবুল আক্তারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ইন্তাজ আলী (২৫), মো. হাবিবুল্লাহ (২৭), মো. আলমগীর হোসেন ওরফে আলম (৩৪), মো. জাহাঙ্গীর ফকির (৪২) ও ইব্রাহিম খলিল (৪০)।
পিবিআই সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর রাতে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন চালক জাহিদ রহমান। পরদিন সকালে শ্রীপুরের ধনুয়া সাতখামাইর এলাকার একটি গজারি বনের ভেতর থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা হাবিবুর রহমান হবি বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তে নেমে পিবিআই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।
পিবিআইয়ের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। ঘটনার দিন তারা চালক জাহিদকে অটোরিকশাসহ নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে হত্যা করে মরদেহ গজারি বনের মধ্যে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। পরে বিক্রির উদ্দেশে অটোরিকশাটি বিভিন্ন অংশে খণ্ডিত করেন। অভিযানে অটোরিকশার খণ্ডিত অংশ এবং সেটি বিক্রির ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই গাজীপুর জেলা পুলিশ সুপার রকিবুল আক্তার জানান, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে একজন তরুণ চালককে হত্যার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার এবং আলামত উদ্ধারে সক্ষম হয়েছে পিবিআই। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
প্রতিনিধি/এসএস




