কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নড়াইল-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী সাধারণ যাত্রীরা।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৫টা থেকে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে অধিকাংশ পরিবহন কর্তৃপক্ষ এ রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
এর আগে রোববার ও সোমবার সারা দেশে লকডাউন কর্মসূচির ঘোষণা দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় পদ্মা সেতু হয়ে নড়াইল-ঢাকা রুটে নতুন করে টিকিট বিক্রিও বন্ধ রেখেছে অধিকাংশ পরিবহন কর্তৃপক্ষ।
রোববার সকাল থেকে নড়াইল বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, অধিকাংশ কাউন্টার বন্ধ। দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা বাস না পেয়ে টার্মিনালে অপেক্ষা করছেন। অনেকে জরুরি কাজে ঢাকায় যেতে না পেরে ফিরে যাচ্ছেন।
ঢাকাগামী এক যাত্রী বলেন, “সকালে এসে শুনি বাস চলবে না। অফিসের জরুরি কাজ ছিল, এখন কীভাবে যাব বুঝতে পারছি না।”
চিকিৎসার জন্য ঢাকায় যেতে আসা আরেক যাত্রী বলেন, “ডাক্তার দেখানোর তারিখ ছিল আজ। বাস না চলায় যেতে পারছি না। আমাদের মতো সাধারণ মানুষই সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে।”
নড়াইল শহরের এক ব্যবসায়ী বলেন, “বাস বন্ধ থাকায় ব্যবসাতেও প্রভাব পড়ছে। ঢাকা থেকে মালপত্র আসা বন্ধ, লোকজনও আসতে পারছে না।”
স্থানীয় এক বাসিন্দা বলেন, “লকডাউন হোক আর না হোক, সাধারণ মানুষের ভোগান্তিই বাড়ে। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই।”
এক বাসচালক বলেন, “গাড়ি বের করলে ক্ষতির ভয় থাকে। মালিকরা না বলায় আমরা গাড়ি বের করিনি। বাস বন্ধ থাকায় আমাদেরও আয় বন্ধ।”
টার্মিনালের এক টিকিট বিক্রেতা বলেন, “সকাল থেকে কোনো টিকিট বিক্রি হয়নি। যাত্রীরা এসে ফিরে যাচ্ছেন। কবে থেকে আবার বাস চলবে, সেটাও বলতে পারছি না।”
নড়াইল বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী হাসান জানান, “যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় নড়াইল হয়ে ঢাকা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার বাস চলাচল শুরু হবে।”
এদিকে আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে গত শনিবার সন্ধ্যার পর কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় দলটির স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেন। মিছিল থেকে লকডাউন সফল করার আহ্বান জানানো হয়। রোববার সকালেও সেখানে সড়ক অবরোধ ও মিছিলের খবর পাওয়া গেছে।
অন্যদিকে, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নড়াইলের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর দেখা গেছে। সব মিলিয়ে লকডাউন কর্মসূচিকে ঘিরে নড়াইলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রতিনিধি/এসএস




