রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

শার্শায় মাদরাসার আমবাগানের দুটি গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

উপজেলা প্রতিনিধি, শার্শা (যশোর)
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম

শেয়ার করুন:

শার্শায় মাদরাসার আমবাগানের দুটি গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গোপালপুর আমিনিয়া দাখিল মাদরাসার নিজস্ব আমবাগান থেকে রাতের আঁধারে দুটি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে মাদরাসার দক্ষিণ পাশে অবস্থিত বাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মাদরাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের দক্ষিণ পাশে নিজস্ব প্রায় সাড়ে তিন বিঘা জমিতে একটি আমবাগান রয়েছে। বাগানে প্রায় ৫০টি আমগাছ আছে। বাগান থেকে পাওয়া আয় মাদরাসার তহবিলে জমা হয়। ওই অর্থ দিয়ে দরিদ্র শিক্ষার্থীদের বই, খাতা, কলম, স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়। তবে রাতের আঁধারে করাত দিয়ে বাগানের দুটি আমগাছ কেটে ফেলা হয়েছে। গাছ দুটির একটির বেড় আনুমানিক পাঁচ ফুট এবং অন্যটির চার ফুট।

মাদরাসার সভাপতি মো. মাহবুব আলম তুহিন জানান, সম্প্রতি কয়েকজন ব্যক্তি ওই আমবাগানের গাছ কেটে সেখানে খেলার মাঠ তৈরির প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি তাতে সম্মতি দেননি। তার ধারণা, ওই প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

অন্যদিকে, মাদরাসার সুপার মো. আব্দুল গফুর জানান, দীর্ঘদিন ধরেই ওই বাগানের গাছ কেটে খেলার মাঠ তৈরির ষড়যন্ত্র চলছে বলে তারা জানতে পেরেছেন। এ ঘটনায় প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও গ্রামবাসী মর্মাহত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। মাদরাসা কমিটির পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর