সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মার্চেন্টস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে লাল টেপে মোড়ানো ককটেল সদৃশ বস্তু বেঁধে রেখে গেছে দুর্বৃত্তরা।
রোববার (২৯ নভেম্বর) সকালে বস্তুটি দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয় এলাকায়।
বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী সকালে গেটের তালার সঙ্গে বস্তুটি বাঁধা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে বস্তুটি পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক (টেকনিক্যাল) নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ের প্রধান ফটকের তালার সঙ্গে ককটেল সদৃশ বস্তুটি বেঁধে রেখে যায়। সকালে নিরাপত্তাকর্মী প্রথমে এটি দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে বস্তুটি উদ্ধার করেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করেছে। তবে এটি প্রকৃতপক্ষে ককটেল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
প্রতিনিধি/টিবি




