ঝিনাইদহ সদর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলাম সাজেকে (৩৮) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মধুপুর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাজেদুল ইসলাম সাজে ঝিনাইদহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ঝিনাইদহ বিসিক শিল্পনগরীসংলগ্ন চুয়াডাঙ্গা গ্রামের আত্তাফ উদ্দিন বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে করে সদর উপজেলার মধুপুর বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন সাজেদুল। পথে মধুপুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেছে বলে তিনি শুনেছেন। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত বা কী কারণে হামলা হয়েছে, তা এখনো জানা যায়নি।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুজ্জামান সজীব বলেন, সাজেদুলের দুই পায়ের নিচের অংশে, বাম হাতের তালুসহ শরীরের কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
প্রতিনিধি/এসএস




