পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার পরও স্বাভাবিক রয়েছে শরীয়তপুর-ঢাকা রুটে বাস চলাচল। সংঘর্ষের কারণে সকালে দুই ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারও ঢাকার উদ্দেশে বাস চলাচল শুরু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৮টার পর পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের জাজিরা টোল প্লাজা ও আশপাশের এলাকায় বাস চলাচল স্বাভাবিক হতে দেখা যায়। তবে সড়কে যানবাহনের চাপ ছিল তুলনামূলক কম। পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহনও নিয়মিত বিরতিতে পদ্মা সেতু পারাপার হচ্ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ এবং অর্ধশতাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত শরীয়তপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বাস চলাচল শুরু হয়।
শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ তালুকদার ঢাকা মেইলকে বলেন, পদ্মা সেতু এলাকায় সংঘর্ষের কারণে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত শরীয়তপুর থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সকাল ৮টা থেকে বাস চলাচল শুরু হয়েছে। এখন পর্যন্ত ২৫টি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
প্রতিনিধি/এসএস




