অপহরণ ও হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ২৪ বছর পর ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ছদ্মনামে আত্মগোপনে থাকা ওই আসামিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্তের পর যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মো. আজাদ (৫৫)। তিনি আজাদ প্রকাশ নুর আলম নামেও পরিচিত। তার বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহুমা এলাকার ডন কোম্পানি বাড়ি, ৪ নম্বর ওয়ার্ডের শান্তির বাজারে। তার বাবার নাম আমির হোসেন ওরফে হোসেন আহাম্মদ এবং মায়ের নাম সখিনা খাতুন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০০২ সালের ২৯ জুলাই ফেনী সদর থানায় দায়ের করা ৫২ নম্বর মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৬৪, ৩০২ ও ৩৪ ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। অপহরণ ও হত্যার অভিযোগে দায়ের করা ওই মামলার পর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফাকে পরোয়ানা তামিলের দায়িত্ব দেওয়ার পর আসামিকে গ্রেফতারে অনুসন্ধান শুরু করে পুলিশ। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে ২৮ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে থানা পুলিশ ও এসআরবি-১০ এর যৌথ অভিযানে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আজ রোববার (২৯ নভেম্বর) তাকে কড়া নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অন্যান্য পলাতক আসামিকেও পর্যায়ক্রমে গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
প্রতিনিধি/এসএস




