মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রমেই কমছে তাপমাত্রা। আজ সকালে সেখানে মৌসুমের অন্যতম সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত তিন দিনে শ্রীমঙ্গলে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শুক্রবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, তাপমাত্রা কমতে শুরু করায় শীতের প্রভাব পড়তে শুরু করেছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ওপর। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া চা-শ্রমিক, দিনমজুরসহ বিভিন্ন পেশার মানুষ সকাল ও রাতে ঠান্ডার মুখোমুখি হচ্ছেন।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকেই জেলায় শীতের অনুভূতি বাড়তে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার অনুভূতিও বাড়ছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, রোববার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।
প্রতিনিধি/টিবি




