মেহেরপুরের মুজিবনগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৯২ বোতল অবৈধ ও আমদানি নিষিদ্ধ কোডিনযুক্ত সাসপেনশনসহ লিখন মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে ৪৯ বোতল ‘Apcores Cough Syrup’ এবং ৪৩ বোতল ‘ESkuf Cough Syrup’ রয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে এসআরবি-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ (সিপিসি-৩), মেহেরপুর ক্যাম্পের একটি আভিযানিক দল মুজিবনগর থানাধীন দারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-৩, মেহেরপুর, এসআরবি-১২ এর সিনিয়র সহকারী পরিচালক ও কোম্পানি কমান্ডার মোঃ ফাহাদুজ্জামান আকন্দ।
গ্রেফতার লিখন মিয়া মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের দক্ষিণ শালিকা গ্রামের শওকত আলীর ছেলে।
এসআরবি’র ওই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার যুবক দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছিলেন এবং এর মাধ্যমে নিজ এলাকাসহ আশপাশের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিলেন বলে স্বীকার করেছেন।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি ও মাদক কারবারিদের বিরুদ্ধে এসআরবি’র নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ ধারায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/টিবি




