কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করতে শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় কয়েকশ ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থল ভাঙচুর এবং প্রায় ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া নাওডোবা গোলচত্বরে ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলে আগুন দেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে জাজিরা উপজেলার বিকেনগর এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এ কর্মসূচি শুরু হয়। পরে তারা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে কয়েক হাজার মানুষকে দেশীয় অস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করে থাকতে দেখা যায়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে আসেন। এ সময় এক্সপ্রেসওয়ের ওপর বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়াও গোলাগুলির ঘটনা ঘটেছে। একপর্যায়ে একের পর এক ককটেল বিস্ফোরণের কারণে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।
এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থল ভাঙচুর করেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে নাওডোবা গোলচত্বরে থাকা ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলেও আগুন দেওয়া হয়।
তবে এ ঘটনায় পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ধরনের হামলা বা ভাঙচুর না করতে নেতাকর্মীদের নির্দেশ দিতে দেখা যায়।

এদিকে, অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, আমরা খবর পেয়েছিলাম, কেউ পদ্মা সেতুতে যানচলাচলে বিঘ্ন ঘটাতে পারে। তার প্রেক্ষিতে আমরা সারারাত ডিউটিতে ছিলাম। আমাদের পর্যাপ্ত ফোর্স ছিলো। তবে সকালের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা কোনধরনের প্রানহানি না ঘটিয়ে তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছে। এতে পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যানচলাচল বন্ধ ছিলো। এ ঘটনায় আমরা আলামত উদ্ধার করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/টিবি




