কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পিরোজপুরে সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার শংকরপাশা এলাকায় সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়ালের গ্রামের বাড়ির এলাকার সড়কে এবং তার ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেকের মিলের সামনে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। ঘটনাটিকে আওয়ামী লীগের অবরোধ কর্মসূচির অংশ বলে দাবি করেছেন ছাত্রদলের নেতারা। খবর পেয়ে সড়ক থেকে গাছ সরাতে ছুটে যান ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। রাত ১টা ৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে তারা সড়কে পড়ে থাকা গাছ ও অন্যান্য প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। এ সময় আটকে পড়া যানবাহনগুলোকে চরখালী ফেরিঘাট পর্যন্ত এগিয়ে দেন নেতাকর্মীরা। ফেরিঘাটের পথে পারেরহাট এলাকাতেও সড়কে গাছ পড়ে থাকতে দেখেন তারা। পরে সেখান থেকেও গাছ সরিয়ে যান চলাচলের ব্যবস্থা করেন।
জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। আমরা বেশ কয়েক দিন ধরে রাতে না ঘুমিয়ে পাহারা দিচ্ছি। আজও বিভিন্ন স্থানে মোটরসাইকেল নিয়ে টহল দিচ্ছিলাম। এর মধ্যে খবর আসে, বাসস্ট্যান্ড থেকে পারেরহাট সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে সড়কে ফেলে রাখা গাছ ও অন্যান্য মালামাল সরিয়ে দিয়েছি।
এসময় আটকে পড়া যাত্রীদের উদ্দেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন বলেন, আপনারা সবাই নির্ভয়ে চলাচল করবেন। আমরা রাজপথে আছি, কোনো ফ্যাসিস্টের জায়গা হবে না।
এ সময় জেলা যুবদলের সদস্যসচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ শিকদারসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের আরও অনেকে উপস্থিত ছিলেন।
সড়কে আটকে পড়া এক ট্রাকচালক বলেন, হঠাৎ সামনে দেখি গাছ পড়ে আছে। গাড়ি থামাতে বাধ্য হই। সামনে আরও কয়েকটি গাড়ি আটকে ছিল। পরে ছাত্রদল ও বিএনপির লোকজন এসে গাছ সরিয়ে দেন। তারা আমাদের ফেরিঘাট পর্যন্ত এগিয়ে দেওয়ার কথা বলেছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, সড়কে অবরোধ সৃষ্টির চেষ্টার খবর আমরা পেয়েছি। পুলিশের টিম বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সতর্ক অবস্থানে আছি।
প্রতিনিধি/টিবি




