সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলার চেষ্টা করা হয়েছে। এ সময় স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে হামলাকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা ফেলে যাওয়া ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে সিলেট-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এম এ মালিকের তেতলী গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনার জের ধরে শনিবার সন্ধ্যায় হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলার চেষ্টা চালানো হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে ধাওয়া খেয়ে হামলাকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ জনতা ফেলে যাওয়া মোটরসাইকেলগুলোতে আগুন ধরিয়ে দেয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ, অপরাধ) অলক বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা হামলা করতে গেলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাদের ঝামেলা হয়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এর আগে শুক্রবার গভীর রাতে দক্ষিণ সুরমার তেতলী গ্রামে সংসদ সদস্য এম এ মালিকের বাসভবনে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। হামলার সময় পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতেই ছিলেন তিনি।
প্রতিনিধি/এলএ




