শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

বান্দরবানে বিজিবির যৌথ অভিযান, গোলাবারুদ জব্দ

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১০:০১ পিএম

শেয়ার করুন:

বান্দরবানে বিজিবির যৌথ অভিযান, গোলাবারুদ জব্দ
জব্দ গোলাবারুদ। ছবি: ঢাকা মেইল

পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৬৫ বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবান সেক্টরের নিজস্ব গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যে ৬৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প ও নৌপোস্টের পেছনের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই এলাকায় গোপনে বিপুল পরিমাণ গোলাবারুদ মজুত রাখা হয়েছে বলে গোয়েন্দা তথ্য ছিল।

এর পরিপ্রেক্ষিতে বান্দরবান সেক্টর কমান্ডারের নেতৃত্বে এবং ৬৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের তত্ত্বাবধানে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান শুরু করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১টার দিকে অভিযান শুরু হয়। সন্দেহভাজন এলাকায় দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর বিকেল সাড়ে ৪টার দিকে পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের মধ্যে অত্যন্ত গোপনে লুকিয়ে রাখা ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ জব্দ করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার করা গোলাবারুদগুলো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে সেখানে মজুত রাখা হয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজিবি জানায়, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, আন্তঃইউনিট সমন্বয় ও ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর