শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

অন্তুর ছাত্রত্ব পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে নাগরিক সমাবেশ

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

অন্তুর ছাত্রত্ব পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে নাগরিক সমাবেশ

বরিশালের আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ওপর হামলার বিচার, ছাত্রত্ব পুনর্বহাল, হামলাকারীদের শাস্তি এবং তার বিরুদ্ধে করা সাইবার সুরক্ষা আইনের মামলা প্রত্যাহারের দাবিতে নাগরিক সমাবেশ হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ  হয়। সমাবেশে বক্তারা অন্তুর নিরাপত্তা নিশ্চিত করা, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ছাত্রত্ব পুনর্বহাল, হামলাকারীদের শাস্তি এবং তার ও তার বাবার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগরের আহ্বায়ক আলবার্ট রিপন বল্লভ বলেন, নার্সিং ইনস্টিটিউটের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় শিক্ষার্থী অন্তুকে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে। তার প্রতিবাদের মুখে কলেজের পরিচালক ও কৃষক লীগ নেতা জহিরুল ইসলাম শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া লাখ লাখ টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন। এ কারণে কলেজ প্রশাসন প্রতিশোধ নিতে অন্তুর ছাত্রত্ব বাতিল করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, শুধু ছাত্রত্ব বাতিল করেই কলেজ কর্তৃপক্ষ থেমে থাকেনি, অন্তুর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছে। তার বাবার বিরুদ্ধেও চুরির মামলা দেওয়া হয়েছে। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করলেও প্রতিবাদ করার কারণে এমন ব্যবস্থা নেওয়া হয় না। তাহলে এই প্রতিষ্ঠানে প্রতিবাদ করলেই কেন একজন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল হবে এবং তার পরিবারকেও হয়রানির শিকার হতে হবে?

সমাবেশ থেকে অবিলম্বে অন্তুর ছাত্রত্ব পুনর্বহাল, তার ও তার বাবার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং কলেজের পরিচালক জহিরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বরিশালের লেখক ও অ্যাক্টিভিস্ট কাজল দাশ বলেন, অন্তু বিশ্বাস একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অবৈধভাবে অর্থ আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তার প্রতিবাদের মুখে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ২৭ লাখ টাকা ফেরত দিতে বাধ্য হয়। এর জের ধরে প্রতিষ্ঠানের পরিচালক অন্তুর ছাত্রত্ব বাতিল করেছেন, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী সিদ্ধান্ত।

তিনি বলেন, শুধু ছাত্রত্ব বাতিল করেই কলেজ কর্তৃপক্ষ থেমে থাকেনি, তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অন্তুর ছাত্রত্ব অবিলম্বে পুনর্বহাল এবং তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটির সদস্য অধ্যাপক আমিনুল রহমান খোকনের সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগরের আহ্বায়ক সুজন আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) বরিশাল জেলা সভাপতি একে আজাদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা নেতা শহিদুল ইসলাম, গণফোরাম বরিশাল জেলা সভাপতি হিরন কুমার দাশ মিঠু, ভাসানী পরিষদ বরিশালের আহ্বায়ক খালিদ বিনয়ী, গণতান্ত্রিক অধিকার কমিটি বরিশাল জেলা সদস্য রেজাউল ইসলাম খোকন, লেখক কাজল দাশ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সভাপতি সুজয় সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগরের সদস্য রাকিবুল হাসান, বিপ্লবী ছাত্র মৈত্রী বরিশাল জেলার সংগঠক অনিন্দ মন্ডল, শিক্ষক নেতা মহসিনুল ইসলাম হাবুল, খালিদ বিন ওয়ালীদ ও সাবেক ছাত্রনেতা কিশোর কুমার বালা প্রমুখ।

এর আগে, আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটে ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাস। 

শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় ২০০ শিক্ষার্থীর কাছ থেকে মোট ২৭ লাখ টাকা আদায় করা হয়। এ ঘটনার প্রতিবাদ ও আন্দোলনে যুক্ত থাকার জেরে গত ২ নভেম্বর তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় বলে অভিযোগ করেন অন্তু।

পরবর্তী সময়ে গত ১৯ নভেম্বর নগরীর সিঅ্যান্ডবি রোডে প্রতিষ্ঠানের সামনে তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি থানায় মামলা করেন অন্তু। মামলায় প্রতিষ্ঠানটির পরিচালক জহিরুল ইসলামসহ ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, গত ২৫ নভেম্বর অন্তুর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে আরেকটি মামলা করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এর প্রতিবাদে ২৭ নভেম্বর দেশের ১০৯ জন বিশিষ্ট নাগরিক যৌথ বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন এবং অন্তুর বিরুদ্ধে করা মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর