শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

কুমিল্লায় প্রেমিকার বাড়িতে চীনা যুবক, পরিবারের আপত্তিতে হলো না বিয়ে

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় প্রেমিকার বাড়িতে চীনা যুবক, পরিবারের আপত্তিতে হলো না বিয়ে
চীনা যুবক জেকুইন। ছবি: ঢাকা মেইল

প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল কুমিল্লার দেবীদ্বারে ছুটে এসেছেন চীনা যুবক জেকুইন (৩৫)। 

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। 

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে তিনি দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামে তার প্রেমিকা নুসরাত জাহান তামান্নার বাড়িতে আসেন। তবে পরিবারের অসম্মতির কারণে মধ্যরাতে পুলিশের সহযোগিতায় তাকে ফিরে যেতে হয়েছে।

চীনা যুবক জেকুইন জানান, প্রায় ৬ মাস পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলার সুলতানপুর গ্রামের আমির খন্দকারের মেয়ে নুসরাত জাহান তামান্নার সঙ্গে তার পরিচয় হয়। সময়ের সাথে সাথে তাদের এই পরিচয় গভীর ভালোবাসায় রূপ নেয়।

তিনি আরও বলেন, ভালোবাসার মানুষের সাথে দেখা করতে এবং তাকে বিয়ে করতে গত ১৯ নভেম্বর তিনি চীন থেকে বাংলাদেশে আসেন এবং ঢাকার একটি আবাসিক হোটেলে ওঠেন। শুক্রবার দুপুরে তিনি সরাসরি প্রেমিকার গ্রামের বাড়ি দেবীদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুরে গ্রামে পৌঁছেছেন।

শুক্রবার রাতে সুলতানপুর গ্রামে গিয়ে দেখা গেছে, একজন বিদেশি যুবক প্রেমের টানে গ্রামে এসেছেন— এমন খবর ছড়িয়ে পড়লে তামান্নাদের বাড়িতে উৎসুক জনতার উপচেপড়া ভিড়।

প্রেমিকা তামান্না জানান, ওই চীনা যুবককে বিয়ে করে চীনে পাড়ি জমাতে চান। তবে তামান্নার বাবা-মা ও স্থানীয় এলাকাবাসী এই বিয়েতে কোনোভাবেই রাজি হননি। দীর্ঘ সময় আলোচনার পরও পরিবার রাজি না হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশের সহযোগিতায় শুক্রবার মধ্যরাতে চীনা যুবক জেকুইন নিরাপদে প্রেমিকার বাড়ি ত্যাগ করেন।

তামান্নার বাবা আমীর হোসেন বলেন, আমরা গরিব মানুষ, মেয়ে মোবাইলে ওই ছেলের সাথে যোগাযোগ হয়েছে। ওই ছেলে এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে দেশে এসেছে, আমরা তাকে বলেছি- সে যদি বিবাহের জন্য আইনিভাবে তার পরিবারের এবং ওই দেশের লিগ্যাল সম্মতিপত্র নিয়ে আসে, তবে তার সাথে মেয়েকে বিয়ে দেব।

ফতেহাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, চীনা যুবক আসার সংবাদ পেয়ে আমি ওই বাড়িতে গিয়েছি। তিনি এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে এ দেশে এসেছেন, তার বিবাহের কোনো অনুমতিপত্র নেই। তাছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটছে, বিয়ে করে পরে অনেকেই ব্ল্যাকমেইলের স্বীকার হচ্ছেন। তামান্নার পরিবার বিবাহ দিতে রাজি না হওয়ায় পুলিশের সহযোগিতায় রাতেই ওই চীনা যুবক গ্রাম থেকে চলে গেছেন।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, চীনা যুবক আসার সংবাদ পেয়ে তার নিরাপত্তার কথা ভেবে সেখানে পুলিশ পাঠিয়েছি। তবে যার বাড়িতে এসেছিলেন, সেই মেয়ের পরিবার বিয়েতে সম্মতি না থাকায় রাতেই সেই যুবক বাড়ি থেকে চলে যান।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর