শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

রংপুরে বসতভিটা হারিয়ে মানবেতর জীবনযাপন দুই ভাইয়ের

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

শেয়ার করুন:

রংপুরে বসতভিটা হারিয়ে মানবেতর জীবনযাপন দুই ভাইয়ের
ভুক্তভোগী মো. আহমদ আলীর সংবাদ সম্মেলন

আদালতের রায় ও আইনি প্রক্রিয়া উপেক্ষা করে বসতবাড়ি ভেঙে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। এতে বসতভিটা হারিয়ে দুই ভাইয়ের পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘদিনের বসতভিটা, গাছপালা ও সংসারের শেষ আশ্রয় হারিয়ে পরিবার দুটির সদস্যরা দিশেহারা। 

তাদের অভিযোগ, আদালতের রায় বাতিল হওয়ার কপি দেখানোর পরেও এবং সময় চেয়েও তারা কোনো প্রতিকার পাননি। বরং প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে তাদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে নগরীর স্থানীয় এক হোটেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী মো. আহমদ আলী। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর (সজিদপাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত আজগর আলী। 

লিখিত বক্তব্যে আহমদ আলী জানান, তাদের বসতভিটা নিয়ে ৫/৮৮ বাটোয়ারা মামলা দীর্ঘদিন ধরে চলমান। তাদের দাবি, মামলার মূল বাদী কুলসুমসহ ৩জন সেই মামলা করেন এবং তার বাবা মামলা চলাকালেই বাদীর নিকট জমি ক্রয় করে নেয় এবং প্রায় ১৫/১৬ বছর ধরে ওই জমিতে তারা পাকা বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। কিন্তু গত ২৫ নভেম্বর তাদের জীবনে নেমে আসে চরম বিপর্যয়। 

আহমদ আলীর অভিযোগ, সেদিন রংপুরের সংশ্লিষ্ট প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা জজ আদালতের নাজির পুলিশ ও বুলডোজার নিয়ে তাদের বাড়ি ভাঙতে উপস্থিত হন। এ সময় তারা জমির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র এবং আদালতের রায়ের কপি অর্থাৎ যে মামলায় বাড়ি ভাঙতে আসা হয়েছে সেই মামলা তিন বছর আগে অর্থাৎ ২৬ জুন ১৯৯/১৫ নং মামলার মাধ্যমে বাতিল ও রদ করা হয়েছে মর্মে রায়ের কপি সংশ্লিষ্টদের দেখান। 

আহমদ আলীর ভাষ্য অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের জানান, তিনি আদালতের নির্দেশ বাস্তবায়নে এসেছেন এবং এ বিষয়ে নাজিরকে সহযোগিতা করতে এসেছেন তাই শুধু নাজিরের নির্দেশনা অনুযায়ী বাড়ি ভাঙার কার্যক্রম বন্ধ করার সুযোগ রয়েছে। তখন নাজির মো. আখিরুজ্জামানকে আদালতের রায়ের কপি দেখালেও তিনি উচ্ছেদ কার্যক্রম বন্ধ করেননি। 

ভুক্তভোগীর অভিযোগ, তারা নাজির আখিরুজ্জামানকে বলেন যে, তাদের বাড়ি না ভেঙে বাদীপক্ষকে জমির দখল বুঝিয়ে দেওয়া হোক এবং তিনি পরের দিন আদালতে গিয়ে আগের রায়টি বাতিল করার পরের রায়টি দেখাবেন। কিন্তু তিনি আদালতের রায় অবজ্ঞা করে অন্য এক বাতিল রায় কার্যকর করার জন্য বুলডোজার চালানোর নির্দেশ দেন এবং তাদের দুই ভাইয়ের পৃথক বাড়ি ভেঙে ফেলেন। এতে তাদের প্রত্যেকের আনুমানিক ৫০ লাখ টাকা থেকে এক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন আহমদ আলী। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, বাড়ি হারিয়ে এখন পরিবার দুটির সদস্যদের মাথা গোঁজার ঠাঁই নেই। 

সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা প্রধান বিচারপতি, আইনমন্ত্রী ও আইন সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পুনর্বাসন ও প্রতিকারের দাবি জানিয়েছেন। 

তাদের আকুতি, বিচারের দ্বারস্থ হয়েও যেন আর কোনো পরিবারকে বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয়হীন হয়ে পড়তে না হয়।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর