দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট গ্রহণ শেষ হলেও এখনো ফলাফল ঘোষণা করা হয়নি। ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। চা বাগানগুলোতে এখন প্রার্থী ও শ্রমিকদের মধ্যে ফলাফল নিয়ে চলছে অপেক্ষা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল চারটায় মৌলভীবাজারসহ পাঁচ জেলার ২০টি উপজেলায় অবস্থিত ২৩০টি চা বাগানে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এরপর শুরু হয়েছে ভোটগণনা। এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা।
এর আগে শনিবার সকাল আটটা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ভ্যালি কমিটির সভাপতি এবং বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি—এই চার পদে ভোট দেন চা শ্রমিকেরা।
মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানের ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক শ্রমিককে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। ভোটকে কেন্দ্র করে বাগানগুলোতে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়।
এদিকে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। কোথাও উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন ভোটগণনা চলছে।




