কুমিল্লার দেবিদ্বারে ১১ বছর বয়সী শিশুকে গত এক বছর ধরে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মাদরাসাশিক্ষক মো. নুরুল ইসলামকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নুরুল ইসলাম সম্পর্কে ভুক্তভোগী শিশুটির আপন চাচা। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে কুমিল্লা স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ধর্ষক মো. নুরুল ইসলাম(৩৩) উপজেলার ধামতী গ্রামের তমিজ উদ্দিন সরকার বাড়ির। সে ময়নামতি ১৫ নম্বর গেটের ‘ক্যান্টনমেন্ট হাজী মজিদিয়া নুরানি মাদরাসার শিক্ষক ছিলেন।
গত ৮ নভেম্বর ওই মাদরাসার এক ছাত্র বলাৎকারের অভিযোগে চাকরিচ্যুত হন। ওখান থেকে এসে দেবীদ্বার সদরের ‘দেবীদ্বার- চান্দিনা সড়কের’ 'হিলফুলফুজুল স্কুলের পাশে ভাড়া বাসা নিয়ে স্থানীয় একটি নুরানী মাদ্রাসায় চাকুরির চেষ্টা করছিলেন।
অপরদিকে, ভিক্টিম শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (ভিক্টিম সার্ভিস সেন্টারে) ডাক্তারি পরীক্ষা শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ম্যাজিস্ট্রেটের নিকট ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। ভিক্টিম শিশুটি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
ঘটনাটি ঘটে শুক্রবার সাকাল সাড়ে ১০টায় (২৭ নভেম্বর একতলা বিশিষ্ট একটি ভবনের ছাদে।
ওই ঘটনায় ভিক্টিমের মা' বাদী হয়ে দেবীদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার বিবরণীতে তিনি উল্লেখ করেন, আমি একজন গৃহিণী। আমার স্বামী ঢাকায় চাকুরি করেন। অভিযুক্ত নুরুল ইসলাম আমার আপন দেবর ও সে একজন মাদরাসার শিক্ষক। ভিকটিম (১১) আমার মেয়ে। সে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশুনা করে। নুরুল ইসলাম একজন নারীলোভী প্রকৃতির লোক। সে বিগত এক বছর যাবৎ আমার মেয়েকে খাবারের লোভ দেখিয়ে, বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে, এমন কী ভয়ভীতি প্রদর্শন ও জীবন নাশের হুমকিতে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ নভেম্বর) সকাল অনুমান সাড়ে ১০টায় নুরুল ইসলাম ভিকটিমকে পূর্বের ন্যায় বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে ও বিভিন্ন রকম প্রলোভনে একটি ভবনের ছাদের উপর নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টাকালে প্রতিবেশীরা তাকে হাতেনাতে ধরে ফেলে এবং আমার মেয়েকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে মেয়ে গত এক বছরের ঘটনার বর্ণনা দেয়।
এ ব্যাপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ভিক্টিমের মায়ের অভিযোগে মামলা হয়েছে, অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভিক্টিমের ডাক্তারি পরীক্ষা ও ম্যাজিস্ট্রেটের নিকট ২২ ধারায় ভিক্টিমের জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে। অভিযুক্ত মাদরাসাশিক্ষক শিশু বলাৎকারের অভিযোগে গত ২২ দিন পূর্বে একটি মাদরাসা থেকে চাকরিচ্যুত হয়েছে।
প্রতিনিধি/ এজে




