সিলেট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
শনিবার (২৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিছনাকান্দি, শ্রীপুর, বাংলাবাজার, প্রতাপপুর, মিনাটিলা, সংগ্রাম ও সোনারহাট বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা গরু, মহিষ, কসমেটিকস, কমলা, কম্বল, জিরা, টমেটো, গাড়ির টায়ার, চকলেট, মুভ স্প্রে ও চিপস আটক করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন ও সোয়েটার জব্দ করা হয়।
জব্দকৃত এসব চোরাচালানের পণ্যের আনুমানিক সিজার মূল্য ৬১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানের পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/ এজে




