মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে গত বৃহস্পতিবার বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে মেঘনার শাখা নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হওয়া বিএনপিকর্মী আলমগীর দালালের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
শনিবার (২৮ নভেম্বর) সকালে নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর ইউনিয়নের চৈতারচর এলাকায় নদীতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে জানালে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় তারা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে। সেখান থেকে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
অন্যদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষ চলাকালে গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নদীতে ঝাপ দেয় আলমগীর। এরপর তার সন্ধান পেতে ফায়ার সার্ভিসের ডুবুরিদল দিনভর উদ্ধার অভিযান চালায়। কিন্তু তার সন্ধান মেলেনি। পরে শনিবার সকালে ঘটনাস্থলের অদূরে তার মরদেহ ভেসে ওঠে।
আসন্ন প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে গত বৃহস্পতিবার সকালে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্স প্রবাসী বিএনপিকর্মী রহিম মোল্লার লোকজনের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঐদিন ঘটনাস্থলে সেলিম মোল্লা নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় শিশুসহ আহত হয় অন্তত ৫ জন। সেদিন নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হন আলমগীর।
এএইচ



