বাহারি রং, মায়াবী চোখ আর তুলতুলে লোমে দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে একঝাঁক বিড়াল। কারও বয়স কয়েক মাস, আবার কোনোটি বেশ বড়। কেউ চুপচাপ বসে আছে, কেউবা আপন মনে ঘুরে বেড়াচ্ছে। তাদের ঘিরে দর্শনার্থীদের কৌতূহলেরও কমতি নেই। শখের বশে শুরু, এখন পরিবারের ভালোবাসার অংশ হিসেবে এভাবেই ১৮টি বিড়াল লালন-পালন করছেন বরগুনার এক পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, ২০২২ সাল থেকে শখের বশে বিড়াল লালন-পালন শুরু করেন তারা। সময়ের সঙ্গে পরিবারের বিড়ালের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮টিতে। বর্তমানে বিভিন্ন বয়সের বিড়াল ও বিড়ালছানা রয়েছে তাদের কাছে।
পরিবারটির সংগ্রহে রয়েছে আফগানি, ক্যালিকো, পার্সিয়ান, ব্রিটিশ, ইন্ডিয়ান পার্সিয়ান ও থ্রি-কালার পার্সিয়ানসহ বিভিন্ন জাতের বিড়াল। বিভিন্ন বয়সের বিড়ালছানাও রয়েছে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, জাত ও বয়সভেদে বিড়ালছানাগুলোর দাম ৮ হাজার, ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। কিছু বিড়ালছানা বিক্রির পরিকল্পনাও রয়েছে তাদের।

পরিবারটির বাড়ি বরগুনা সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নাঙ্গলকাটা গ্রামে। পরিবারের কর্তা মো. সেন্টু মীর এবং মা মোসা. হাসি আক্তার (সংরক্ষিত মহিলা আসনের সাবেক ইউপি সদস্য) পরিবারের সদস্য রাফিন জাহান পিংকি (১৮), শিলা আক্তার পাপড়ি (২৩) এবং পাপড়ির স্বামী পাইলট মূলত বিড়ালগুলোর দেখাশোনা করেন। পরিবারের অন্য সদস্যরাও তাদের যত্নে সহযোগিতা করেন।
শিলা আক্তার পাপড়ি বরগুনা সরকারি কলেজে (বিএ) ফাইনাল ইয়ার এ পড়াশোনা করছেন। এবং রাফিন জাহান পিংকি বরগুনা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি রিপন নার্সিং ট্রেনিং সেন্টারে নার্সিং কোর্সে অধ্যয়নরত আছেন। তাদের কাছে বিড়ালগুলো শুধুই পোষা প্রাণী নয়, বরং পরিবারের অবিচ্ছেদ্য অংশ।
শিলা আক্তার পাপড়ি বলেন, ছোটবেলা থেকেই প্রাণীর প্রতি আমার ভালোবাসা রয়েছে। ২০২২ সালে শখের বশে বিড়াল লালন-পালন শুরু করি। প্রথমে এতগুলো বিড়াল হবে, কখনো ভাবিনি। ধীরে ধীরে ওদের প্রতি মায়া বেড়েছে। এখন ওদের ছাড়া আমাদের পরিবার যেন অসম্পূর্ণ। প্রত্যেকটির আলাদা স্বভাব রয়েছে। কেউ ডাকলে সাড়া দেয়, আবার কেউ আমাদের সঙ্গে খেলাধুলা করে। ওদের খাবার, পরিচর্যা ও সুস্থতার বিষয়টি আমার সাথে সাথে ছোট বোন পিংকি ও আমার হাসবেন্ড জহির হাসান পাইলট সহ পরিবারের সবাই মিলে নিয়মিত দেখাশোনা করি।
রাফিন জাহান পিংকি বলেন, বিড়ালগুলো আমাদের কাছে পরিবারের সদস্যের মতো। ওদের সঙ্গে আমাদের প্রতিদিনের একটা সম্পর্ক তৈরি হয়েছে। কখন কী খাবার দিতে হবে, কোনটির কী ধরনের যত্ন প্রয়োজন, সেগুলো আমরা খেয়াল রাখি। পরিবারের সবাই ওদের ভালোবাসেন। প্রাণীর প্রতি ভালোবাসা থেকে আমরা এই দায়িত্ব পালন করে যাচ্ছি।

বিড়ালপ্রেমী সাংবাদিক জাহিদুল ইসলাম মেহেদী বলেন, প্রাণীর প্রতি ভালোবাসা মানুষের মানবিক গুণাবলির একটি সুন্দর প্রকাশ। তবে শুধু ভালোবাসলেই হবে না, প্রাণীর প্রতি দায়িত্বও পালন করতে হবে। পিংকি ও তার পরিবারের সদস্যরা যেভাবে আন্তরিকতার সঙ্গে বিড়ালগুলো লালন-পালন করছেন, তা সত্যি প্রশংসনীয়।
বরগুনা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিথী দেবনাথ বলেন, পোষা প্রাণী লালন-পালনের ক্ষেত্রে ভালোবাসার পাশাপাশি সঠিক পরিচর্যা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিড়ালের নিয়মিত টিকাদান, কৃমিনাশক, পুষ্টিকর খাবার, পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে। পরিবারের সদস্যরা সম্মিলিতভাবে প্রাণীগুলোর যত্ন নিচ্ছেন, এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত।
প্রতিনিধি/এসআই




