শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ এএম

শেয়ার করুন:

৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

দীর্ঘ প্রায় আট বছর পর আবারও ভোটের উৎসবে মেতেছেন দেশের চা শ্রমিকেরা। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে চা বাগানগুলোতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজারসহ পাঁচ জেলার ২০টি উপজেলায় অবস্থিত ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সকালে মৌলভীবাজারের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন চা শ্রমিকরা।

1000266626

এবারের নির্বাচনে দেশের ২৩০টি চা বাগানের প্রায় ১ লাখ ৪৫ হাজার শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে মৌলভীবাজার জেলায় সর্বাধিক ১৩৫টি বাগানে ৬০ হাজার ৪৮২ জন ভোটার রয়েছেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত শ্রম অধিদপ্তরের তথ্যমতে, প্রত্যেক ভোটার তিনটি প্যানেলে ভোট দেবেন। এর মধ্যে একটি কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নির্বাচনের জন্য, একটি সংশ্লিষ্ট ভ্যালির নেতৃত্ব নির্বাচনের জন্য এবং অন্যটি শ্রমিকের নিজ বাগানের পঞ্চায়েত কমিটি নির্বাচনের জন্য।

চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে দীর্ঘ আট বছর পর এবার আবার ভোটের মাঠে ফিরেছেন চা শ্রমিকরা।

নির্বাচন কমিশনের কার্যালয় থেকে জানা গেছে, এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগানের পঙ্কজ কন্দ ও সিলেটের লাক্কাতুরা চা বাগানের রাজু গোয়ালা। সাধারণ সম্পাদক পদে লড়ছেন শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগানের পরেশ কালিন্দি, হবিগঞ্জের চুনারুঘাটের চানপুর চা বাগানের নিপেন পাল এবং হবিগঞ্জের আমু চা বাগানের মুকেশ কর্মকার।

1000266618

সভাপতি প্যানেলে চারজন থাকবেন। তারা হলেন— সভাপতি, কার্যকরী সভাপতি, সংরক্ষিত মহিলা সহসভাপতি ও সাধারণ সহসভাপতি। সম্পাদক প্যানেলে থাকবেন সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, মহিলা সম্পাদক ও অর্থ সম্পাদক।

কেন্দ্রীয় কমিটির সঙ্গে সাতটি ভ্যালি থেকে আরও ২২ জন সদস্য যুক্ত হবেন। সব মিলিয়ে কেন্দ্রীয় কমিটির সদস্যসংখ্যা হবে ৩০ জন। কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি সাতটি ভ্যালি ও বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে।

সাতটি ভ্যালির মধ্যে সিলেট, চট্টগ্রাম, লস্করপুর ও লংলা ভ্যালিতে তিনটি করে এবং জুড়ী, বালিশিরা ও মনু-ধলাই ভ্যালিতে দুটি করে প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

1000266624

এ ছাড়া ২৩০টি বাগান ও পঞ্চায়েত এলাকায় দুই থেকে পাঁচটি পর্যন্ত প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেলভেদে কমিটির সদস্যসংখ্যাও ভিন্ন। কোথাও ১১, কোথাও ১৩, আবার কোথাও ১৫ সদস্যের কমিটি রয়েছে।

 

নির্বাচন সংশ্লিষ্টদের হিসাবে, সব মিলিয়ে ছয় শতাধিক প্যানেলে প্রায় সাত হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুষ্ঠ নির্বাচনে প্রার্থী, ভোটার, বাগান কর্তৃপক্ষ, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা কামনা করি। এসময় তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পাশাপাশি ভোটারদের নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর