শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম’

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৬ এএম

শেয়ার করুন:

‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম’
শামীম হোসেন

ঝিনাইদহের কালীগঞ্জে ফেসবুকে নিজের একটি ভিডিও পোস্ট করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন শামীম হোসেন নামের এক ছাত্রদল নেতা। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন ‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম, আল্লাহ হাফেজ।’

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ৮ মিনিট ২০ সেকেন্ডের ওই ভিডিও বক্তব্যটি তিনি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া শামীম হোসেন উপজেলার রায়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবং তিনি ওই ইউনিয়নের ভাটাডাঙ্গা গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে।

জানা গেছে, সরকার নতুন উদ‍্যোক্তাদের জন্য স্বল্প সুদে ২০ লাখ টাকা ঋণ প্রদানের জন্য উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন আহবান করে। শামীম উক্ত ঋণের জন্য আবেদন করেন এবং প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখায় মৌখিক দেন। কিন্তু বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এই ঋণের জন্য কালীগঞ্জ উপজেলা থেকে চুড়ান্তভাবে নির্বাচিত ছয়জনের তালিকা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এই তালিকায় নিজের নাম না থাকায় হতাশ ও ক্ষুব্ধ হয়ে তিনি  ভিডিও বার্তার মাধ্যমে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।

ভিডিও বক্তব্যে শামীম বলেন, ‘আসসালামু আলাইকুম, প্রিয় কালীগঞ্জবাসী। আপনারা অবগত আছেন যে, গতকাল রাতে (বৃহস্পতিবার) দেখলাম তরুণ উদ্যোক্তাদের একটা চুড়ান্তা তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ছয়জনের একটা তালিকা। অতি দুঃখের সাথে বলতে হচ্ছে, কালীগঞ্জ থেকে পাঁচ শতাধিক উদ্যোক্তা আবেদন করেছিল, সেখানে আমিও করেছিলাম। কালীগঞ্জ থেকে প্রাথমিকভাবে ৫০ জনকে বাছাই করা হয়েছিল। সেখানে আমি ছিলাম। খুলনাতে ভাইভা দিয়ে এসেছি। অত‍্যন্ত ভালো ও সুন্দরভাবে ভাইভা দিয়েছি। এই ৫০ জনের মধ্যে আমরা মাত্র দুইজন ছিলাম ছাত্রদলের পদধারী (পোস্টেড)। আমি এবং কালীগঞ্জ পৌর ছাত্রদলের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তৌহিদ। ভেবেছিলাম আমরা যেহেতু ছাত্রদল করি, আমরা যেহেতু উদ্যোক্তা, আশাকরি আমাদের যোগ‍্যতায় আমরা এখানে সিলেক্ট হবো।’

ভিডিও বক্তব্যে তিনি আরো বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। তিনি চান, দেশের তরুণরা এগিয়ে আসুক, স্বাবলম্বী হোক এবং তাদের ফার্মে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হোক। কিন্তু তিনি থানা বা জেলাকেন্দ্রিক কাদের নিয়োগ দিয়েছেন, আমি জানি না। আমার মনেহয়, দালালদের নিয়োগ দিয়েছেন। কারণ, অতীতের দুর্দিনে ও সংগ্রামে আমরা ছাত্রদল করেছি। আমরা সামনের সারিতে সর্ব্বোচ দিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। আমি এই দল করতে যেয়ে চারটা মামলা খেয়েছি, আমার একাডেমিক ভাবে দুইটা বছর লস হয়েছে। পরীক্ষা চলাকালীন পুলিশ আমাকে গ্রেফতার করে। আমি দীর্ঘ ৮৭ দিন জেল খেটেছি।’

শামীম আরও বলেন, ‘সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের নেতৃত্বে আমরা রাজনীতি করেছি। তিনি যখন ডেকেছেন, আমরা তখন আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি স্বৈরাচার হাসিনার পতনের জন্য। যাতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরতে পারেন এবং দেশের মাটিতে রাজনীতি করতে পারেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের দল বিএনপি যেন আবার ক্ষমতায় আসতে পারে। সেই লক্ষ্যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কখনো পিছপা হইনি।’

তিনি আরও বলেন, ‘আজকে আমাদের দল ক্ষমতায়, আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী অথচ এমন একটা সুন্দর উদ্যোগ থেকে আমাদের বাদ (মাইনাস) করা হয়েছে। সিলেক্ট করা হয়েছে আওয়ামী পরিবারের সন্তানদের, যারা অনেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল। কারা তাদেরকে এখানে মনোনীত করেছে আমি জানি না। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি উদাত্ত আহ্বান করবো, আপনি কাদেরকে নিয়োগ দিয়েছেন একটু খতিয়ে দেখুন। আমার মনেহয়, আপনি দালালদের নিয়োগ দিয়েছেন। তারা শুধু আপনাকে নয়, এই দলটাকে তারা একদিন বেচে খেয়ে ফেলবে। এই দল দালালরাই ভোগ করবে, আমার মতো ছাত্র নেতাদের কিছুই হবে না। আমরা শুধু আন্দোলন করবো, মামলা খাবো, জেল খাটব এবং হামলার স্বীকার হবো, তাছাড়া আমাদের কিছুই হবে না। তাই এখনো যারা এই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত আছেন তাদের কাছে করজোড়ে অনুরোধ করবো আপনারা এই দলের রাজনীতি থেকে বের হয়ে আসুন এবং নিজের ক‍্যারিয়ারের দিকে ফোকাস দিন।’

তিনি আরও বলেন, ‘অনেকেই জানেন, আমার পাখি ও কবুতরের একটা ফার্ম রয়েছে। এই ফার্মের কারণে সারা দেশের মানুষ আমাকে চেনে। পাশাপাশি গরুর খামার শুরু করেছি। এই ঋণটা পেলে ভালো কিছু করার আশা ছিল।’

ভিডিও বক্তব্যের শেষ অংশে এই ছাত্র নেতা বলেন, ‘আমি আমার দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। আমি আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো মিছিল-মিটিং ও প্রোগ্রামে সম্পৃক্ত থাকবো না ইনশাআল্লাহ। দয়া করে, আমার যেসব শুভাকাক্ষী ও ভাই ব্রাদাররা আছেন, তাদের কাছে কোনো ভুল ভ্রান্তি করে থাকি, তাহলে আমাকে মাফ করে দেবেন। আর দলীয় কোনো কারণে আমাকে কেউ ফোন দিবেন না, আমাকে ডাকবেন না। আজকের থেকে চিরসমাপ্তি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।’

ভিডিও বার্তার বিষয়ে এই ছাত্র নেতা বলেন, ‘আমি কারো প্ররোচনা বা কাউকে ছোট করার জন্য এই ভিডিওটি পোস্ট করিনি। আমি আমার ক‍্যারিয়ারটা এই দলের জন্য শেষ করেছি। কিন্তু দল ক্ষমতায় আসার পর দলের কাছ থেকে শুধু অবহেলা পেয়েছি। এই হতাশা থেকেই আমি দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

 

এ বিষয়ে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল বলেন, ছাত্র নেতা শামীমের ভিডিও পোস্টটি দেখেছি। ব‍্যস্ততার কারণে এখনো যোগাযোগ করতে পারিনি। যোগাযোগের চেষ্টা করছি বলে জানান তিনি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর