বরগুনা সদর উপজেলায় মেহগনি গাছবোঝাই একটি টমটম উল্টে পানিতে পড়ে সুমন মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেণ সাড়ে ৫টার দিকে উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যগুদিঘাটা গ্রামের ঘটবাড়ীয়া-টু-মধ্য ডৌয়াতলা পাকা সড়কের আকন বাড়ির উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
সুমন মিয়া বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের আয়লা-চান্দখালী কলেজগেট এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা শহরের দিক থেকে ঘটবাড়িয়ার দিকে যাচ্ছিল মেহগনি গাছবোঝাই টমটমটি। গাড়ির ওপর সুমনসহ কয়েকজন শ্রমিক ছিলেন। পথিমধ্যে আকন বাড়ির উত্তর পাশে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গর্তে পড়ে টমটমটি পাশের পানিতে উল্টে যায়। এতে গাড়ির ওপর থাকা শ্রমিকরা দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। সন্ধ্যা ৬টার দিকে সুমনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। এসময় ড্রাইভার ও অন্য এক শ্রমিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তারা ঘটনার পরপরই আতঙ্কিত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে ধারণা করেছেন স্থানীয়রা।
আরও পড়ুন
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসনাইন পারভেজ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার কারণ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিনিধি/টিবি




