শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

দেশের মানুষ আর সহিংসতার রাজনীতি মেনে নেবে না: এমপি কিরণ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ এএম

শেয়ার করুন:

দেশের মানুষ আর সহিংসতার রাজনীতি মেনে নেবে না: এমপি কিরণ
শফিকুর রহমান কিরণ।

জ্বালাও-পোড়াও ও সহিংসতার রাজনীতি দেশের মানুষ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ।

তিনি বলেছেন, দেশে আর সহিংসতার রাজনীতির কোনো সুযোগ নেই। কেউ আবারও অন্যায়, অত্যাচার ও জুলুমের রাজনীতি শুরু করতে চাইলে দেশের ১৮ কোটি মানুষ তা প্রতিরোধে প্রস্তুত রয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবার পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত এলাকায় আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান কিরণ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তারা রাজনীতি করছেন। তাদের অবস্থান সহিংসতার বিরুদ্ধে। অতীতে যারা অন্যায়, অত্যাচার ও জুলুম করেছে, তাদের সেই পথ থেকে সরে আসতে হবে। জনগণের কাছে ক্ষমা চেয়ে সংশোধনের মাধ্যমে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে হবে।

তিনি বলেন, দেশের মানুষ আর জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি দেখতে চায় না। যারা শান্তিপূর্ণ সহাবস্থানের রাজনীতি করতে চান, তাদের জন্য রাজনীতির দরজা খোলা রয়েছে। তবে মানুষের জীবন ও সম্পদ বিপন্ন করে কিংবা সাধারণ মানুষকে জিম্মি করে রাজনীতি করার দিন শেষ। জনগণ এ ধরনের রাজনীতি ইতোমধ্যে বয়কট করেছে।

দক্ষিণাঞ্চলের মানুষের শান্তিপ্রিয়তার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুরের মানুষ শান্তি চান। এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যাতে দক্ষিণাঞ্চলের মানুষ মনে করেন, তাদের অঞ্চলকে অচল করে দেওয়ার চেষ্টা চলছে।

তিনি অভিযোগ করেন, দক্ষিণাঞ্চল অচল করার চেষ্টা করতে গিয়ে নিজেদের বাড়িঘরেও আগুন দেওয়া হয়েছে। এমনকি নিজেদের ঠিকানা গোপালগঞ্জেও আগুন জ্বালানো হয়েছে এবং সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান কিরণ বলেন, ওই দিন দেশের মানুষ প্রমাণ করেছে, তারা অন্যায় ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে। সাধারণ মানুষ রাজনীতি করে অপরাধী নয়। মানুষকে ভয়ভীতি দেখিয়ে কিংবা জিম্মি করে রাজনীতি করার সুযোগ আর নেই। রাজনীতি করতে হলে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে হবে।

 

জেলা বিএনপির সাংগঠনিক শক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী। জাতীয় নির্বাচনে শরীয়তপুরের তিনটি আসনে তার প্রতিফলন দেখা গেছে। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে তারা অতীতেও প্রস্তুত ছিলেন, এখনো রয়েছেন। তবে কোনো ধরনের ভয়ভীতি বা অপরাধের রাজনীতিকে তারা প্রশ্রয় দেবেন না।

সহিংসতার পথ পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা রাজনীতি করতে চান, তাদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে গণতান্ত্রিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে। শান্তির রাজনীতিতে সবাইকে স্বাগত জানানো হবে।

বিক্ষোভ মিছিলে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দীন অপু, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দিন কালুসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও এতে অংশ নেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর