শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

পুকুরপাড়ে জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ এএম

শেয়ার করুন:

পুকুরপাড়ে জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পুকুরপাড়ে জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের পুকুরপাড়ে জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে রাইসা (৪) ও ফারিহা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো ও ফুপাতো বোন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাইসা ওই এলাকার রহমত আলীর মেয়ে। অপর শিশু ফারিহা রহমত আলীর ভগ্নিপতি মোহাম্মদ আলীর মেয়ে।

পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ফারিহার মা লিপি আক্তার মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। তিনি দীর্ঘদিন ধরে সেখানেই অবস্থান করছিলেন। শুক্রবার বিকেলে রাইসা ও ফারিহা বাড়ির বাইরে খেলাধুলা করছিল। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরপাড়ে থাকা জলপাই গাছের নিচে জলপাই কুড়াতে যায় তারা। এ সময় অসাবধানতাবশত দুজনই পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় শিশু দুটি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাইসার মা ফাতেমা আক্তার পুকুরের পানিতে মেয়েকে ভাসতে দেখেন। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে প্রথমে রাইসাকে উদ্ধার করেন। পরে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় ফারিহাকেও উদ্ধার করা হয়। পরে দ্রুত দুই শিশুকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, শিশু দুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর