নেত্রকোনায় ইসলামী মাহফিল থেকে বক্তব্য দিয়ে ফেরার পথে নওমুসলিম ইসলামি বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের লোকজন ভেবে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার গাড়ি থামানোর চেষ্টা করেন এবং পরে ধাওয়া করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় নোমানী ডাকাতের কবলে পড়েছেন ভেবে ডাকাত ডাকাত বলে চিৎকার করে মানুষের সাহায্য চাইছিলেন।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নেত্রকোনা শহরের চল্লিশা এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নোমানীসহ তার সঙ্গে থাকা ব্যক্তিরা মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ঘটনার কয়েকটি ভিডিও আজ (শুক্রবার) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৬০ সেকেন্ডের একটি ভিডিওতে নোমানীকে ডাকাত ডাকাত বলে চিৎকার করে মানুষের সাহায্য চাইতে শোনা যায়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়- ‘আমাদেরকে বাঁচান, আমাদেরকে ডাকাতে আক্রমণ করছে, আমাদেরকে বাঁচান।’
ভিডিওর একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘আল্লাহ তুমি হেফাজত কর। ডাকাতে আক্রমণ করছে আমাদেরকে, আল্লাহ তুমি বাঁচাও। আমি নও মুসলিম ওয়াসেফ বিল্লাহ নোমানী, আমাকে ডাকাতে আক্রমণ করছে, আল্লাহ তুমি বাঁচাও।’
ভুক্তভোগীদের অভিযোগ, বাইপাস এলাকা থেকে তারা নেত্রকোনা সদর থানায় আশ্রয় নেওয়ার উদ্দেশে রওনা হলে হামলাকারীরা গাড়িটির পিছু নেন। এ সময় তারা গাড়িতে আক্রমণ চালিয়ে পেছনের কাচসহ বিভিন্ন অংশ ভাঙচুর করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, ওয়াজ মাহফিল শেষ করে নোমানীসহ অন্যরা নেত্রকোনার একটি ফিলিং স্টেশন থেকে গভীর রাতে জ্বালানি সংগ্রহ করে পূর্বধলায় নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে চল্লিশা এলাকার বাইপাস সড়কে লাঠি হাতে কয়েকজন লোক তাদের গাড়ি থামানোর চেষ্টা করেন। নোমানী তাদের ডাকাত সন্দেহ করে চিৎকার করেন এবং গাড়ি না থামিয়ে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে আরও কয়েকজন মোটরসাইকেলে গাড়িটির পিছু নিয়ে হামলা শুরু করেন।
তিনি আরও বলেন, পরিস্থিতি বেগতিক দেখে নোমানী গাড়িটি ঘুরিয়ে থানার দিকে নিয়ে যান। কিন্তু থানার দিকে যাওয়ার পথেও হামলা থামেনি। হামলাকারীরা গাড়ির পেছনের কাচসহ বিভিন্ন অংশ ভেঙে ফেলেন। এ সময় নোমানী ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকেন। থানায় পৌঁছানোর পর তারা জানতে পারেন, রাস্তায় পাহারারত সরকারদলীয় লোকজন তাদের গাড়িটি থামানোর চেষ্টা করেছিলেন। গাড়ি না থামানোয় তারা ভেবেছিলেন, এতে আওয়ামী লীগের লোকজন রয়েছেন। এ ভুল ধারণা থেকেই তারা হামলা চালান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। ঘটনা মাননীয় সংসদ সদস্য মহোদয়কে জানানো হয়েছে। তিনি উভয় পক্ষের সঙ্গে কথা বলেছেন। এটা কোনো ডাকাতির ঘটনা নয়।
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. আনোয়ারুল হক বলেন, আপনারা সকলেই জানেন যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন গুপ্ত হামলা করে ইদানীং জ্বালাও-পোড়াও করছে। এ ছাড়া রাতে আওয়ামী লীগের লোকজন আমাদের এলাকায় ঢুকে মিছিল করতে পারে, আগুন দিতে পারে, এমন খবরও আমাদের কাছে ছিল। সে উপলক্ষে বিভিন্ন জায়গায় আমাদের লোকজন পাহারায় ছিল।
‘এই গাড়িটি যখন যায়, তখন আমাদের লোকজন থামানোর সংকেত দিলে তিনি না থামিয়ে বেপরোয়া গতিতে লোকজনের ওপর দিয়ে চালিয়ে যাচ্ছিলেন। তাই আমাদের লোকজন মনে করেছিল, হয়তো গাড়িতে ফ্যাসিস্টের লোকজন আছে। এ কারণে তারা হয়তো ধাওয়া করেছিল। অন্যদিকে উনি ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করেছিলেন। তিনি গাড়ি থামালে এমনটা হতো না। এ বিষয়ে আমরা তাকে সরি বলেছি। এটা একটা ভুল বোঝাবুঝি ছিল।’
সংসদ সদস্য আরও বলেন, তারপরও আমাদের কোনো নেতাকর্মী তাদের সঙ্গে অশালীন ব্যবহার করে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এলএ




