শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

ফ্যাসিস্টদের ঠেকাতে প্রয়োজনে সীমান্ত সিলগালা করে দেন: সাবেক এমপি

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম

শেয়ার করুন:

ফ্যাসিস্টদের ঠেকাতে প্রয়োজনে সীমান্ত সিলগালা করে দেন: সাবেক এমপি
সাতক্ষীরার কালিগঞ্জ বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে পাহারা জোরদার করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।

তিনি বলেছেন, ‘কালিগঞ্জের উকশা, গোবিন্দপুরসহ যতগুলো সীমান্ত রয়েছে, আপনারা সবাই মিলে পাহারা দেন, যাতে ফ্যাসিস্টরা দেশে ঢুকতে না পারে। প্রয়োজনে সীমান্ত সিলগালা করে দেন। তবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।’

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের নৈরাজ্য, বিশৃঙ্খলা, নাশকতা ও দেশবিরোধী অপতৎপরতার অভিযোগ তুলে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সাতক্ষীরার কালিগঞ্জ বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।
সাতক্ষীরার কালিগঞ্জ বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।

জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান। আরও বক্তব্য দেন মৌতলা বিএনপির সাবেক আহ্বায়ক মোবাচ্ছের হোসেন পলাশ, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইলুজ্জামান খান ও কালিগঞ্জ উপজেলা তাঁতীদলের সদস্যসচিব মো. ফারুক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন।

সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন বলেন, গত ১৬ বছরে ফ্যাসিবাদী শাসনামলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশ ছেড়েছে একটি গোষ্ঠী। তাদের বিরুদ্ধে গুম, খুন, মিথ্যা মামলা ও হয়রানির মাধ্যমে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। দীর্ঘ সময়ে অনেকে হয়রানি ও মামলার শিকার হয়ে বাড়িঘর ছেড়ে থাকতে বাধ্য হয়েছেন বলেও দাবি করেন তিনি।

সাতক্ষীরার কালিগঞ্জ বিএনপির বিক্ষোভ মিছিল।
সাতক্ষীরার কালিগঞ্জ বিএনপির বিক্ষোভ মিছিল।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে দেশ পরিচালনা করছে। কিন্তু গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তাঁর অনুসারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন তিনি।

দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কাজী আলাউদ্দীন বলেন, দলের মধ্যে বিভাজন সৃষ্টি করে কেউ দেশের ভালো চায় না। একটি পশ্চিমা গোষ্ঠী ফ্যাসিস্টদের প্ররোচনায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। সব ষড়যন্ত্র মোকাবিলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার থানা সড়ক প্রদক্ষিণ করে। এতে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর