নেত্রকোনায় জাল জন্মনিবন্ধন ও বিভিন্ন ভুয়া কাগজপত্র তৈরি করে পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়েছেন এক রোহিঙ্গা তরুণী ও তার বাবা। এ সময় তাদের সহযোগিতার অভিযোগে দুই স্থানীয় দালালকেও আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জন্মনিবন্ধন তৈরিতে জড়িত থাকার অভিযোগে তিন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তাসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে ওই চারজনকে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে, গতকাল বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটে।
আটক রোহিঙ্গা তরুণীর নাম কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯) এবং তার বাবা রশিদউল্লাহ ওরফে বদিউল আলম (৪০)। আটক দুই দালাল হলেন- পূর্বধলার পাটলি গ্রামের আব্দুল জলিল (৪২) ও ইলাশপুর গ্রামের মো. আজিজুল (৩০)।
মামলার অন্য আসামিরা হলেন- পূর্বধলার আগিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মিঠুন চন্দ্র দাস (৪০) ও জয় ঘোষ (২৮) এবং পূর্বধলা সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হুমায়ুন কবির (৩০)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাউসার বিবি ও তার বাবা রশিদউল্লাহ বেশ কিছুদিন আগে টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করেন। প্রায় দুই মাস আগে নেত্রকোনার পূর্বধলার আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামের আব্দুল জলিলের বাড়িতে আশ্রয় নেন তারা।
অভিযোগ রয়েছে, আব্দুল জলিল ও আজিজুলের সহযোগিতায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের তিন উদ্যোক্তাকে ম্যানেজ করে টাকার বিনিময়ে তাদের নামে জাল কাগজপত্র তৈরি করা হয়। গত ১৭ সেপ্টেম্বর কাউসার বিবি নিজের প্রকৃত পরিচয় গোপন করে শাহারা খাতুন নামে আগিয়া ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধন করেন। এতে বাবার নাম মোহাম্মদ বদিউল আলম ও মায়ের নাম মরিয়ম আক্তার উল্লেখ করা হয়। জন্মতারিখ দেওয়া হয় ২০০৭ সালের ১০ মার্চ। জন্মনিবন্ধনে আগিয়া ইউনিয়নের ঠিকানা ব্যবহার করা হয়।
এ ছাড়া কাউসারের বাবা রশিদউল্লাহ নিজের নাম পরিবর্তন করে মোহাম্মদ বদিউল আলম এবং স্ত্রীর নাম পরিবর্তন করে মরিয়ম আক্তার পরিচয়ে জাতীয় পরিচয়পত্র, বিদ্যুৎ বিলের রশিদ, নিকাহনামা ও এসএসসির নম্বরপত্রসহ বিভিন্ন জাল কাগজপত্র তৈরি করেন।
এসব কাগজপত্র নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে বাবা-মেয়ে নেত্রকোনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন করতে যান। তাদের কথাবার্তা ও কাগজপত্র যাচাই করে সন্দেহ হয় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলামের। পরে তিনি তাদের আটক করে বিষয়টি আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরীকে জানান। তাদের সঙ্গে থাকা দুই দালালকেও আটক করা হয়।
পরে চেয়ারম্যান তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যান। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ, পরিচয় গোপন করে জাল কাগজপত্র তৈরি এবং টাকার বিনিময়ে জন্মনিবন্ধন নেওয়ার বিষয়টি সামনে আসে। পরে ইউএনও তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ ঘটনায় পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে মামলা করেন। তাদের বিরুদ্ধে 420/467/468/471, The Penal Code, 1860; তৎসহ 4/5, The Control of Entry Act, 1952; ধারার মামলা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলার আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী বলেন, পাসপোর্ট অফিসের কর্মকর্তার সন্দেহ হলে দুই রোহিঙ্গা ও তাদের সঙ্গে থাকা দুই দালালকে আটক করা হয়। পরে খবর পেয়ে তাদের নিয়ে ইউএনওর কাছে হস্তান্তর করেন তিনি। রোহিঙ্গারা নিজেদের পরিচয় গোপন করে স্থানীয় ব্যক্তিদের বাবা-মা পরিচয়ে দেখিয়ে জন্মনিবন্ধন তৈরি করেছেন। ইতিমধ্যে সার্ভার থেকে তাদের জন্মনিবন্ধন বাতিল করা হয়েছে। ভবিষ্যতে জন্মনিবন্ধন তৈরির ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা হবে।
পূর্বধলার ইউএনও মো. শফিকুল ইসলাম বলেন, জাল কাগজপত্র তৈরি করে জন্মনিবন্ধন নিয়ে রোহিঙ্গারা পাসপোর্ট করার চেষ্টা করছিলেন। পাসপোর্ট কর্মকর্তার সন্দেহ হলে তাদের আটক করা হয়। ইউপি চেয়ারম্যান তাদের তার কার্যালয়ে নিয়ে এলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ধরনের ঘটনা অন্য কোথাও ঘটছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, চারজনকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিন ইউডিসি উদ্যোক্তাসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিনিধি/এসআই




