শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

মাদরাসাছাত্রীকে অপহরণের পর এক মাস আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

শেয়ার করুন:

মাদরাসাছাত্রীকে অপহরণের পর এক মাস আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার
গ্রেফতার যুবক সাকিব। ছবি: ঢাকা মেইল

কুমিল্লার দেবীদ্বারে ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসাছাত্রীকে অপহরণপূর্বক প্রায় এক মাস আটক রেখে ধর্ষণের অভিযোগে সাকিব আহাম্মেদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার যুবক সাকিব আহাম্মেদ উপজেলার রাজামেহার ইডনিয়নের গাংচর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী কিশোরী মুরাদনগর উপজেলার গান্দ্রা জুলেখা মহিলা মাদরাসার ছাত্রী। 

বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে গ্রেফতার সাকিব আহাম্মেদকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা শেষে ম্যাজিস্ট্রেটের নিকট নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ২২ ধারায় রেকর্ড করা হয়।

গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দেবীদ্বার থানার পুলিশ কুমিল্লা কোতয়ালি থানার সহায়তায় নূরপুর দক্ষিণপাড়া এলাকার তাহমিনা আক্তারের বাড়ির নিচ তলা হতে সাকিব আহাম্মেদকে গ্রেফতার করে। একই সময় ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়। 

মামলার বিবরণীতে জানা গেছে, নাবালিকা মেয়ে (১৩ বছর ১ মাস) গান্দ্রা জুলেখা মহিলা মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রী। গত ২৯ অক্টোবর সকাল ১০টার দিকে তার বান্ধবীর সাথে দেখা করার জন্য দেবীদ্বার উপজেলার চাটুলী গ্রামের ঈদগাহ মাঠের দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর পৌছলে, পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সাকিব ও অপর আসামি তার খালা রেখা এবং অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় অপহরণ করে প্রাইভেটকার যোগে তুলে নিয়া যায়। ঘটনার পর থেকে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বহু জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। 

তার মা জানান, মেয়েকে অপহরণ করে সাকিব কুমিল্লা একটি ভাড়া বাসায় রেখে একমাস যাবত নির্যাতন করে আসছিল।

এ ব্যাপারে আটক সাকিব আহাম্মেদের মা জানান, আমি যতদূর জেনেছি তাদের প্রেমের সম্পর্কে বিয়ে হয়, বয়স কম হওয়ায় মেয়েকে অনেক বুঝিয়েও বাড়িতে পাঠাতে পারিনি। বয়স হলে পারিবারিকভাবে বিয়ে করিয়ে ঘরে তুলে আনার কথা বলি। মেয়েটিকে কোনোভাবেই মানাতে পারিনি। এখন শুনি, আমার ছেলের বিরুদ্ধে অপহরণ মামলা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর