শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

শেরপুরে প্রথম নারী ম্যারাথন, আত্মবিশ্বাসের দৌড়ে প্রাণবন্ত নগরী

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

শেয়ার করুন:

শেরপুরে প্রথম নারী ম্যারাথন, আত্মবিশ্বাসের দৌড়ে প্রাণবন্ত নগরী
শেরপুরে নারী ম্যারাথন। ছবি: ঢাকা মেইল

নারীর সুস্থতা, আত্মবিশ্বাস ও ক্ষমতায়নের বার্তা নিয়ে শেরপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নারী ম্যারাথন। নজরুল বর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে অনুষ্ঠিত এ দৌড়ে বিভিন্ন বয়সী নারীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে শহরের সড়কগুলো। শরীরচর্চার পাশাপাশি নারীদের সক্ষমতা ও আত্মবিশ্বাস বিকাশের লক্ষ্য নিয়ে আয়োজিত এ ম্যারাথন ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা।

ভোর ৬টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে দৌড় শুরু করেন অংশগ্রহণকারীরা। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে নির্ধারিত পথ অতিক্রম করে তাদের দৌড় শেষ হয় ডিসি উদ্যানে।

ম্যারাথনে অংশ নেওয়া নারীদের কাছে আয়োজনটি ছিল নিজেদের সামর্থ্য তুলে ধরা ও আত্মবিশ্বাস অর্জনের একটি অভিজ্ঞতা। তাদের অনেকেই প্রথমবারের মতো এমন দৌড়ে অংশ নেন। অংশগ্রহণকারীদের অভিমত, এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে নারীদের শরীরচর্চার অভ্যাস গড়ে উঠবে। পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়ে সচেতনতা বাড়বে এবং খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি হবে।

একজন অংশগ্রহণকারী বলেন, এ ধরনের আয়োজনে এবারই প্রথম অংশ নিয়েছি। শুরুতে একটু ভয় লাগছিল, দ্বিধাও কাজ করছিল। তবে দৌড় শুরু করার পর স্বাভাবিক হয়ে যায়। এমন আয়োজন হলে ভবিষ্যতেও অংশ নেওয়ার ইচ্ছা আছে।

ম্যারাথন উপলক্ষে মুঠোফোনে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

000

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, নারীদের সুস্থতা, আত্মবিশ্বাস ও সামাজিক অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা রাখতে পারে এ ধরনের আয়োজন। নিজেদের প্রতিভা ও সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি এবং খেলাধুলায় নারীদের সম্পৃক্ততা বাড়ানোর উদ্দেশ্যে শেরপুরে প্রথমবারের মতো নারী ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও নারীদের উৎসাহ ও অংশগ্রহণ বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

আয়োজনে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাকিল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

নারীদের খেলাধুলা ও শরীরচর্চায় সম্পৃক্ত করতে জেলা প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এ ধরনের আয়োজন নারীদের ঘরের বাইরে এসে বিভিন্ন ক্রীড়ামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আগ্রহ বাড়াবে। একই সঙ্গে নতুন প্রজন্মের মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করতেও ভূমিকা রাখবে।

নজরুল বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত জেলার প্রথম নারী ম্যারাথন অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছে। আয়োজক ও সংশ্লিষ্টদের আশা, এমন উদ্যোগ অব্যাহত থাকলে শেরপুরে নারী ক্রীড়াঙ্গনের বিকাশে নতুন গতি সঞ্চার হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর