শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইব’

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইব’
লক্ষ্মীপুরের সাবেক আলোচিত মেয়র তাহেরপুত্র আফতাব উদ্দিন বিপ্লব। ছবি: ঢাকা মেইল

লক্ষ্মীপুরের সাবেক আলোচিত মেয়র তাহেরপুত্র আফতাব উদ্দিন বিপ্লবের একটি কল রেকর্ডিং ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে বিপ্লবকে বলতে শোনা যায়, 'গেরিলা হোলাইন রাখবি, হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইব'। 

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা কমিটির সভাপতি বিপ্লবের ৩ মিনিটের কল রেকর্ডিংটি প্রতিবেদকের হাতে এসেছে। কণ্ঠ বিপ্লবের নিশ্চিত হওয়া গেলেও এটি তার নিজস্ব কথোপকথন নাকি এআই দিয়ে নির্মিত তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কল রেকর্ড ভাইরাল হওয়ার পর থেকে বিপ্লবের অনুসারী এআই প্রযুক্তি দ্বারা নির্মিত বলে প্রচার চালাচ্ছে।

বিপ্লব লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্র‍য়াত এম এ তাহেরের বড় ছেলে এবং লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর বড় ভাই। 

রেকর্ডিংটিতে মামুন নামে একজনের সঙ্গে বলতে শোনা যায়,  ‘আর কোনো সুন্দর কথা নাই। দিনে সুন্দর কথা কইয়াম, দিনে সুন্দর পাঞ্জাবি পরি হাটিয়াম। যখন দেখিয়াম- ক্ষমতা আইতাছে, লাইন অইছে, তখন এগুনরে টোগাই পাওয়া যায় না। ক্ষমতা লাইন হইছে যখন দেইখখাম, ৫-৬টা গেরিলা হোলাইন রাইখবি, যেগুন বিশ্বস্ত। হেগুনরে এলাকায় স্টাবলিশ করে দিয়াম। হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন ৮-১০ মারি হালাইব।’

এরপর আরও শোনা যায়, ‘দাড়ুম-দুড়ুম বাড়িঘর জ্বালাই দিব, কিন্তু কোনো কোরআন শরীফ ঘরে আছে কি না, জায়নামাজ টুপি- এগুলো বাহির করতে হইব। কোনো বউ-বাচ্চা, বুড়া-বয়স্ক মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। ক্যাডার 'খানকির হোলাগোরে' বাহির করি দাড়ুম-দুড়ুম ধরি গোটা দশেক ধরি হেগুনরে মাইরতে হইব। ইয়ার মধ্যে যেগুনের নাম কইছোস- এরমধ্যে দুই চাইরগারে, দুই ওজ্ঞারে হালাই দিতে হইব, শেষ। বিএনপি মাইরছে, কাইনবি, ইয়ার হরে লাশ ধরি কাইনবি। খারাপ লোক ওগো সমুতল্য। এদের রাখছে, খারাপগুনরে বাঁচায় রাখছে আমগো মতো ভালো লোকগুনরে ডিস্টার্ব করার জন্য, যেন আমরা রাজনীতি করতে না পারি। ভাইয়ের লাই এটা কর, দূরের তন বয় বয় ঠান্ডা মাথায় এটা কর।’

তাকে আরও বলতে শোনা যায়, ‘আর ভাইয়ার লাই (জন্য) মিছিলটা করা যাইব কি না, ভাইয়ার পক্ষে বলতে এরকম না- জাস্ট আমার ব্যানার থাকব, শেখ হাসিনার ব্যানার থাকব, ব্যানারে হেডলাইন থাকব শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এক সাইটে বঙ্গবন্ধুর ছবি, আঁর আব্বার ছবি, এই ঠিক আছে? ওকে, ভালো থেকো।’

শেষ পর্যায়ে বলতে শোনা যায়, ‘আর দ্বিতীয় এবং স্থায়ী কাজ- গেরিলা হোলাইন গোটা পাঁচ-ছয়েক হাইলবা, হেগুনরে স্টাবলিশ করিয়াম, সরাসরি আঁর লগে কথা কইবো, লক্ষ্মীপুর থাইকবো আঁর লগে।  এগুন শুধু রক্ত খাইননা মতন, মনমানসিকতার হয়তো হইব। কিন্তু মনটা থাকতে হইব নরম মানুষের জন্য প্রেম থাকতে হইব, দলের ডিসিপ্লিন মানতে হইব। একদম সাহসী গেরিলা ৪-৫টা হোলাইন রেডি করে দাড়ুম-দুড়ুম উঠছে ভাব হইব খাই খাই, সময় ভালো হইলে আঁই সিগনাল দিয়াম, গোটা দশেক মারি হালাইতে হইব, ইয়ানতন দুই-ওজ্ঞা হালাই দিতে হইব। ভালো থাইস, এটা যেন সবাই না জানে। ওকে, আল্লাহ হাফেজ।’

রেকর্ডিংটির প্রথম দিকে বিপ্লবকে বলতে শোনা যায়, ‘মামুন আছি, আমরা সবাই ভালো আছি, দোয়া করিস, ভাই। যুবলীগের জেলা সভাপতি প্রার্থী হইছি। আজকে ৭-৮ বছর টিপুকে অব্যাহতি দেওয়ার পর থেকে এলোমেলো, কোনো মিল নাই, এলোমেলো অবস্থায় চলতেছে। ভাবছিলাম, রাজনীতি না করি, সামাজিক কাজে থাকি পৌরসভাটাকে করমু, টিপু রাজনীতি করে করুক। এখন টিপু একা সামলাতে পারবে না, দেশের যে পরিস্থিতি। সামনে ধরো গেরিলা যুদ্ধ-টুদ্ধ হবে, এরকম পরিস্থিতি হইতাছে আস্তে আস্তে। টিপুরও হেল্প অইলো, টিপু পাশে থাকলে আমারও হেল্প অইলো। এভাবে আগাইতে চাইতাছি আস্তে আস্তে। একটু সক্রিয় হইতাছি।’ 

কথোপকথনের একপর্যায়ে বিপ্লব বলেন, ‘আমগো এই দুই-তিন ইউনিয়ন মিলে কে কে আছে? এক দেড়শ হোলাইন (পোলাপাইন) থুবাই (জড়ো), যেকোনো এক জায়গায় খাড়াই (দাঁড়াই) জাস্ট আমার ব্যানারটা নিয়ে সাউটিং মাউটিং দিব এই। ব্যানার কি রকম হইবো আঁই (আমি) দেখায় দিমু (দেব) সম্ভব কি না বা আমি কার লগে (সঙ্গে) কথা কইতাম (বলতাম)। মুখটুখ বাঁধি গেরিলাভাবে এক জায়গায় খাড়াই জাস্ট একটু সাউটিং দিব, বুঝা যাইব রাস্তার ওপর মিছিল করছে, এমনি মিছিল করার দরকার নাই। জাস্ট ১-২ মিনিট ভিডিও করি ফেসবুকে ছাড়ি দিব, আর আঁরে ভিডিওটা দিব। এটা সম্ভব কিনা একটু যোগাযোগ করে চাইস। 

বক্তব্যের বিষয়ে চেষ্টা করেও আফতাব উদ্দিন বিপ্লবের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজের মোবাইলফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

আওয়ামী লীগ সরকারের আমলে  ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী (সাবেক পিপি) নুরুল ইসলামকে লক্ষ্মীপুর শহরের বাসা থেকে অপহরণের পর হত্যা করা হয়। বহুল আলোচিত নুরুল ইসলাম হত্যা মামলায় ২০০৩ সালে তাহেরপুত্র বিপ্লবসহ পাঁচ আসামির মৃত্যুদণ্ড ও ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। বিপ্লব ২০১১ সালের ৪ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন। এরপর আবু তাহের তার ছেলে বিপ্লবের প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। ওই বছরের ১৪ জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তার সাজা মওকুফ করেন। পরের বছর আরো দুটি হত্যা মামলায় (কামাল ও মহসিন হত্যা) বিপ্লবের যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। পরবর্তী সময়ে রাজনৈতিক বিবেচনায় ২০১২ সালে ফিরোজ হত্যা মামলা থেকেও বিপ্লবের নাম প্রত্যাহার করা হয়। ২০১৪ সালের ১ আগস্ট কারাগারে থেকেই বিয়ে করে দেশব্যাপী ফের আলোচনায় আসেন বিপ্লব। ২০১৮ সালের ৯ অক্টোবর তিনি কারামুক্ত হন।

এদিকে ২০২৪ সালে ৪ আগস্ট জুলাই আন্দোলনে বিপ্লবদের বাসার সামনে তমিজ মার্কেট ও শহরের মাদাম ব্রিজ এলাকায় ৪ শিক্ষার্থীসহ ১২ জন হত্যার শিকার হন। নিহত অপর ৮ জন যুবলীগ ও ছাত্রলীগের কর্মী ছিলেন। শিক্ষার্থীদের হত্যার ঘটনায় পৃথক দুটি মামলায় বিপ্লবসহ বিপুলসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী আসামি হয়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর