শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

দাম কম, তৃপ্তি বেশি: জমে উঠেছে ফরহাদের পেঁয়াজু দোকান

মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

দাম কম, তৃপ্তি বেশি: জমে উঠেছে ফরহাদের পেঁয়াজু দোকান

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া তেঁতুলতলা বাজার। একদিকে লালচান্দ চা বাগান, অন্যদিকে গ্রামীণ জনপদ। বাজারের বাঁশতলায় ছোট্ট একটি টিনবাঁশের দোকান। বিকেল গড়াতেই দোকানটিকে ঘিরে জমে ওঠে ক্রেতাদের ভিড়। কড়াইয়ে টগবগ করে ফুটতে থাকে তেল, আর তাতে ভাজা হয় মচমচে পেঁয়াজু। সুগন্ধ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। মাত্র পাঁচ টাকার এই পেঁয়াজু এখন স্থানীয় মানুষের নাশতা ও আড্ডার অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে।

এই ছোট্ট দোকানের উদ্যোক্তা লাদিয়া গ্রামের ফরহাদ মিয়া। প্রায় এক বছর ধরে কৃষিকাজের পাশাপাশি পেঁয়াজু বিক্রি করে আসছেন তিনি। প্রতিদিন বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত চলে তার এই ক্ষুদ্র ব্যবসা। সংসারের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে কৃষিকাজের পাশাপাশি পেঁয়াজু বিক্রির আয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জীবিকার তাগিদে গ্রামের অনেক মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। তবে কৃষিকাজের আয় সবসময় সমান থাকে না। কখনো আবহাওয়ার বিরূপ প্রভাব, কখনো উৎপাদন খরচ বৃদ্ধি, আবার কখনো বাজারদরের ওঠানামায় কৃষকদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এমন বাস্তবতায় ফরহাদ মিয়া কৃষিকাজের পাশাপাশি বাড়তি আয়ের পথ হিসেবে বেছে নিয়েছেন পেঁয়াজু বিক্রির ব্যবসা।

লাদিয়া তেঁতুলতলা বাজারের বাঁশতলায় তার ছোট্ট দোকানটি খুব বড় নয়। টিনবাঁশের তৈরি দোকানে প্রয়োজনীয় উপকরণ নিয়ে প্রতিদিন বিকেলে বসেন তিনি। এরপর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে পেঁয়াজু বিক্রি। স্থানীয় মানুষ, পথচারী এবং লালচান্দ চা বাগানের বাসিন্দারা তার দোকানে এসে পেঁয়াজু কিনে খান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোট্ট দোকানটিতে বসে ফরহাদ মিয়া ব্যস্ত সময় পার করছেন। একদিকে পেঁয়াজু তৈরির প্রস্তুতি, অন্যদিকে ক্রেতাদের চাহিদা অনুযায়ী গরম গরম পেঁয়াজু পরিবেশন করছেন। কেউ এক-দুইটি কিনছেন, আবার কেউ পরিবারের সদস্যদের জন্য একসঙ্গে কয়েকটি নিয়ে যাচ্ছেন।

ফরহাদ মিয়ার সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন তিনি প্রায় এক হাজার টাকার পেঁয়াজু বিক্রি করতে পারেন। স্থানীয় মানুষের কাছে তার তৈরি পেঁয়াজুর জনপ্রিয়তা বাড়ায় ধীরে ধীরে বিক্রিও বৃদ্ধি পাচ্ছে। এই ব্যবসা থেকে যে লাভ হয়, তা দিয়ে সংসারের নিত্যপ্রয়োজনীয় কিছু চাহিদা পূরণ করছেন তিনি।

তবে উপকরণের দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় লাভ কম হচ্ছে বলে জানান ফরহাদ মিয়া। পেঁয়াজ, ডাল, মসলা, তেলসহ পেঁয়াজু তৈরির বিভিন্ন উপকরণের মূল্য বৃদ্ধি পাওয়ায় ব্যবসার খরচ বেড়েছে। তারপরও ক্রেতাদের ভালোবাসা ও চাহিদার কারণে তিনি ব্যবসাটি চালিয়ে যাচ্ছেন।

ফরহাদ মিয়া বলেন, প্রায় এক বছর ধরে এখানে পেঁয়াজু বিক্রি করছি। কৃষিকাজের পাশাপাশি প্রতিদিন বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত দোকানে বসি। প্রতিদিন প্রায় হাজার টাকার পেঁয়াজু বিক্রি হয়। উপকরণের দাম বেড়ে যাওয়ায় এখন লাভ কিছুটা কম হচ্ছে। তবে মানুষ আমার পেঁয়াজু খেয়ে তৃপ্তি পায়, এটাই বড় কথা। ক্রেতাদের আগ্রহ বাড়ায় বিক্রিও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই আয় দিয়ে সংসারের প্রয়োজনীয় খরচ মেটাতে পারছি।

লাদিয়া তেঁতুলতলা বাজারে ফরহাদ মিয়ার পেঁয়াজুর অন্যতম আকর্ষণ এর সাশ্রয়ী দাম। প্রতিটি পেঁয়াজু বিক্রি হচ্ছে মাত্র পাঁচ টাকায়। কম দামে মুখরোচক নাশতা পাওয়া যাওয়ায় স্থানীয় মানুষের কাছে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

ক্রেতা সুমন মিয়া, কাজল মিয়া, সুরুজ আলী, ভিংরাজ মিয়া ও নজির হোসেন জানান, ফরহাদ মিয়ার দোকানের পেঁয়াজু খেতে বেশ সুস্বাদু। প্রতিটি পেঁয়াজু পাঁচ টাকা করে বিক্রি হওয়ায় সহজেই কেনা যায়। তাই সুযোগ পেলেই তারা এখানে এসে পেঁয়াজু খান।

তারা বলেন, এখানকার পেঁয়াজু খেয়ে তৃপ্তি পাওয়া যায়। দামও কম। তাই প্রায় সময়ই এখানে এসে পেঁয়াজু খাওয়া হয়। শুধু গ্রামের মানুষ নয়, পাশের লালচান্দ চা বাগানের বাসিন্দারাও এই পেঁয়াজুর স্বাদ নিতে আসেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর