শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

কলমাকান্দায় ব্যবসায়ীর দোকানে দুর্বৃত্তদের আগুন

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

কলমাকান্দায় ব্যবসায়ীর দোকানে দুর্বৃত্তদের আগুন
আমগড়া বাজারে ‘মা ভ্যারাইটিস স্টোরে’ আগুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক ব্যবসায়ীর ভ্যারাইটি স্টোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানের মালিক সুজন মিয়া।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের আমগড়া বাজারে ‘মা ভ্যারাইটিস স্টোরে’ আগুনের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত সুজন আমগড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

দোকানমালিক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আমগড়া বাজারের নৈশপ্রহরী আবুল কাসেম প্রথমে সুজন মিয়ার দোকানটিতে আগুন দেখতে পান। পরে তার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। দোকানের পাশের গুদামঘরে ঘুমিয়ে ছিলেন কর্মচারী আশিক। নৈশপ্রহরীর চিৎকার শুনে ঘুম থেকে উঠে তিনিও দোকানে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ক্ষতিগ্রস্ত দোকানমালিক সুজন মিয়া জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে রাত পৌনে ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত বাজারে এসে দোকানে আগুন জ্বলতে দেখেন। এ সময় স্থানীয়রা পানি ঢেলে দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নেভান। এতে তার ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

দোকানমালিকের অভিযোগ, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা দোকানের সামনের এক পাশের কোনা দিয়ে শাটারের নিচে বাঁশের কঞ্চির সঙ্গে কাপড় পেঁচিয়ে তাতে পেট্রোল মিশিয়ে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা জানান, দোকানঘরের পাশেই রয়েছে একটি বৈদ্যুতিক খুঁটি ও তিনটি ট্রান্সফরমার। এ ছাড়া দোকানের ভেতরে পেট্রোলভর্তি ড্রামও ছিল। আগুনের তাপে দোকানের অন্যান্য খাদ্যসামগ্রী ও পণ্যসামগ্রী নষ্ট হয়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে বৈদ্যুতিক স্থাপনা ও পেট্রোলের কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। স্থানীয়দের দ্রুত উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসায় আমগড়া বাজার বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি থেকে রক্ষা পেয়েছে।

খবর পেয়ে শুক্রবার সকালে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) জুনায়েদ আহমেদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনাস্থল থেকে বাঁশের কঞ্চির সঙ্গে পেঁচানো লম্বা কাপড় উদ্ধার করা হয়েছে। ওই কাপড়ে পেট্রোল মেশানো ছিল। ওই কাপড়ে আগুন লাগিয়ে দোকানের ভেতরে ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতেই দোকানে আগুন লেগে যায় বলে ধারণা পুলিশের।

এসআই জুনায়েদ বলেন, ‘এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর